
আসফাকুল্লা নাইয়া ও প্রাইভেট চেম্বারের বিজ্ঞাপন
শেষ আপডেট: 9 December 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে আগেও অভিযোগ তুলেছিল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন। আসফাকুল্লার সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সম্পর্ক প্রকাশ্যে আনা হয়েছিল। ফের জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ আসফাকুল্লার বিরুদ্ধে সরব ডাক্তারদের নয়া সংগঠন।
তাঁদের অভিযোগ, ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টরস ফ্রন্ট তথা বাংলার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অবৈধ ভাবে গড়ে ওঠা রেসিডেনশিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের (আরডিএ) নেতাদের বেআইনি ভাবে প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিসের বিষয়গুলো জনসমক্ষে আনা হয়েছে। কিন্তু এবার নির্লজ্জতা এবং জালিয়াতির সমস্ত সীমা পার করে গেছেন আসফাকুল্লা নাইয়া, যিনি আরডিএ, আরজি কর হাসপাতালের জেনারেল সেক্রেটারি তথা তথা জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রথম সারির নেতাও।
নয়া সংগঠন তাদের বিবৃতিতে বলে, একটি পোস্টে কিউরেন্টার নামে এক হেলথকেয়ারের তরফ থেকে বিভিন্ন বিষয়ক স্পেশালিস্ট ডাক্তারদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ঠ বিজ্ঞাপনটিতে প্রথম সারির ডানদিকে যে ডাক্তারের নাম রয়েছে তিনি আসফাকুল্লা। নামের পাশে ডিগ্রি রয়েছে এমবিবিএস, এম.এস (ই.এন.টি)। এছাড়াও তথ্য হিসাবে উল্লেখ রয়েছে 'কলকাতা আরজি কর হাসপাতালের সঙ্গে যুক্ত'।
ব্যাপারটা খোলসা করে তারা বলে, বাস্তব তথ্য হল আসফাকুল্লা নাইয়া আরজি কর হাসপাতালের নাক, কান, গলা বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি হিসেবে যোগদান করেন ২০২২ সাল নাগাদ। প্রশ্ন হল, ২২ সালে আসফাকুল্লা যখন ই.এন.টি প্রথম বর্ষের পিজিটি ট্রেইনি, তখন তিনি কোন আইনে ই.এন.টি এর স্পেশ্যালিস্ট লিখে প্রাইভেট প্র্যাকটিস তথা মানুষকে টাকা নিয়ে বোকা বানাচ্ছেন ।
নিয়মের কথা উল্লেখ করে বলেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী কোনও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না, সেখানে আসফাকুল্লা নাইয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি হয়ে শুধু বেআইনি প্রাইভেট চেম্বার করেন না, যে ডিগ্রি উনি পাননি তার কথা উল্লেখ করে দেদার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।
নয়া সংগঠনের অভিযোগ, 'নাইয়ার এই নির্লজ্জ জালিয়াতিটাও কি ডক্টরস ফ্রন্টের নেতাদের মধ্যেও ছোঁয়াচে রোগের ন্যায় সংক্রমিত হয়ে চলেছে? যে পুলিশ তথা সকলকে মেরুদণ্ডের পাঠ পড়ান , ওঁর ব্যক্তিগত মেরুদণ্ড ঠিক আছে কি? নাকি পুরোটাই নাটক? পুরোটাই কি তিলোত্তমার আন্দোলনকে সামনে রেখে কোটি কোটি টাকা তোলা চেষ্টা? নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মরিয়া প্রচেষ্টা?'
তাদের দাবি, স্বাস্থ্য দফতর আসফাকুল্লার এই জালিয়াতির জন্য এফআইআর করে আইনী প্রক্রিয়া শুরু করে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের কাছেও তাদের আবেদন, এই আইনি প্রক্রিয়া চলাকালীন আসফাকুল্লা নাইয়ার মেডিক্যাল লাইসেন্সও সাসপেন্ড করা হোক।