
সুবর্ণ গোস্বামী।
শেষ আপডেট: 20 March 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: আবার বদলির কোপে চিকিৎসক সুবর্ণ গোস্বামী! পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে কর্মরত ছিলেন। বুধবার স্বাস্থ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তাঁকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই নিয়ে নিজের ২০ বছরের চাকরি জীবনে ১৪ বার বদলি হলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী! আরজি কর আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই চিকিৎসক। স্বভাবতই, বদলির নেপথ্যে অনেকেই আরজি করের ছায়া দেখছেন। চিকিৎসক সুবর্ণ গোস্বামীও তেমনটাই মনে করছেন।
বৃহস্পতিবার বেলায় দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা যারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করি তাঁদের কণ্ঠরোধ করার জন্য এই বদলি। এর আগে সাতবার আমাকে এই সরকার বদলি করেছে। আমি তিন বছর আগে দার্জিলিংয়েই ছিলাম। আবার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কম গুরুত্বের পদে। তবে এভাবে বদলি করে আমার মুখ বন্ধ করা যাবে না।"
চিকিৎসক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্বাস্থ্য দফতরের বদলির নোটিস তিনি হাতে পেয়েছেন। তবে আদৌ দার্জিলিংয়ে যাবেন কিনা তা স্পষ্ট নয়।
চিকিৎসকের কথায়, "অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ। বেলা ১২টা নাগাদ নোটিস পেয়েছি। কাজে যোগ দেব নাকি মেডিক্যাল কাউন্সিলকে জানিয়ে পদক্ষেপ করব, সেটা এখনও ঠিক করিনি।"
একই সঙ্গে স্বাস্থ্য দফতরের নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন সুবর্ণ গোস্বামী। চিকিৎসকের কথায়, "এমন অনেক চিকিৎসক রয়েছেন যাঁরা বছরের পর বছর একই হাসপাতালে রয়েছে। এরা সরকারের অনুগামী বলে বদলি হয় না। কিন্তু নিয়মটা সকলের জন্য এক হওয়া উচিত।" যদিও স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই বদলি করা হয়েছে। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।
এর আগে বাম আমলে ৬ বার বদলির কোপে পড়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তৃণমূলের আমলে এই নিয়ে ৮ বার!