
শেষ আপডেট: 12 November 2023 20:59
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কালীপুজোয় চাঁদা আদায়ের জুলুম। দাবি মেনে চাঁদা না দেওয়ায় চিকিৎসককে হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় মাটিতে ফেলে তাঁকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাটি নদিয়ার ফুলিয়া এলাকার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসক হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় পুলিশের জালে এক অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হাসপাতালের কাজে যোগ দিতে যাচ্ছিলেন চিকিৎসক সুজন দাস। তিনি ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। অভিযোগ, শান্তিপুর থেকে বাইক নিয়ে ফুলিয়া আসার সময় কয়েকজন ব্যক্তি তাঁর পথ আটকে দাঁড়ান। প্রায় ১৫-১৬ জনের একটি দল রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে চাঁদা চায়। চিকিৎসক জানান, তাঁকে এমার্জেন্সি ডিউটির জন্য হাসপাতালে যেতে হবে। তাই আপাতত তিনি চাঁদা দিতে পারবেন না। কিন্তু তাঁর রাস্তা ছাড়েননি কেউ। এমনকী নিজের চিকিৎসক পরিচয় দেওয়ার পরও তাঁকে ছাড়া হয়নি বলে অভিযোগ করেন সুজনবাবুর।
স্থানীয়দের মাধ্যমে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর গেলে চিকিৎসককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। আহত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নদিয়ার রানাঘাটে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে আটক করে পুলিশ।
এদিকে ঘটনাটিতে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। এভাবে রাস্তাঘাটে চাঁদা দেওয়ার জন্য দীর্ঘদিন তাঁদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। অভিযুক্তদের কড়া শাস্তি চান স্থানীয়রা।