
শেষ আপডেট: 29 December 2023 10:40
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি মালিকদের জন্য নতুন বছরে সুখবর। গাড়ির রোড ট্যাক্স, পারমিট বা সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) বাবদ অনেক টাকা বকেয়া হয়ে আছে আপনার? নতুন বছরের শুরুতেই বকেয়া করে বড়সড় ছাড় দিতে চলছে রাজ্য পরিবহণ দফতর।
এজন্য নতুন বছরের শুরুতেই ওয়েভার স্কিম চালু করছে রাজ্য। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কিমে গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণ করার ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।
ওয়েভার স্কিমে কী কী সুবিধা পাবেন গাড়ির মালিকরা?
পরিবহণ দফতর সূত্রের খবর,রাজ্যের সমস্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিক আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স, পারমিট বা সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) বাবদ বকেয়া টাকা নতুন বছরের ১-৩০ জানুয়ারির মধ্যে মিটিয়ে দিলে ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে।
কেউ যদি ৩০ জানুয়ারির মধ্যে বকেয়া না মেটাতে পারেন সেক্ষেত্রেও থাকছে সুযোগ। নতুন বছরের ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে গাড়ির মালিককে জরিমানার ৮০ শতাংশ মকুব করবে পরিবহণ দফতর।
নয়া সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সরকারের তরফে ছাড়ের ঘোষণা করায় অধিকাংশই এই সুযোগ কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে কর বাবদ এক ধাক্কায় সরকারের অনেক টাকা আদায় হতে পারে বলেও মনে করা হচ্ছে।
সরকারি সূত্রের খবর, করোনা পরবর্তী সময়ে অনেকেই বকেয়া কর জমা দিতে পারেননি। তাঁদের কথা চিন্তা করেই সরকারের নয়া এই ওয়েভার স্কিম।