দ্য ওয়াল ব্যুরো : গান্ধীনগরে তিনি যে ভূসম্পত্তির মালিক, সেকথা মনোনয়ন জমা দেওয়ার সময় জানাননি। একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন তাঁর ছেলে। তিনি ছেলের হয়ে গ্যারান্টার দাঁড়িয়েছেন। সেকথাও মনোনয়ন পত্রে চেপে গিয়েছেন বেমালুম। এই দুই অভিযোগে বিজেপির সভাপতি অমিত শাহের মনোনয়ন বাতিল করার দাবি জানাল কংগ্রেস।
বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে সরিয়ে গুজরাতের গান্ধীনগর থেকে ভোটে দাঁড়াচ্ছেন অমিত শাহ। কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনে মিথ্যা হলফনামা দিয়েছেন অমিত। তাতে নিজের সম্পর্কে দু’টি গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে গিয়েছেন।
রাহুল গান্ধীর দলের অভিযোগ, অমিত শাহ নিজের সম্পত্তির পরিমাণ কম করে দেখিয়েছেন। তিনি যে সম্পত্তির মালিক, তার দাম কমপক্ষে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু অমিত শাহ জানিয়েছেন, তাঁর সম্পত্তির দাম ২৫ লক্ষ টাকা। মনোনয়ন জমা দেওয়ার আগে অমিত তাঁর দু’টি সম্পদ বন্ধক দিয়েছেন। কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্কে সম্পত্তি বন্ধক দিয়ে তিনি ছেলের ব্যবসার জন্য ঋণ নিয়েছিলেন। তাঁর ছেলে জয় শাহের কোম্পানির নাম কুসুম ফিনসার্ভ।
কংগ্রেসের অভিযোগে বলা হয়েছে, ওই ব্যাঙ্ক অমিতের ছেলের কোম্পানিকে ২৫ কোটি টাকা ঋণ দিয়েছে। বিজেপি সভাপতি যাতে ভোটে দাঁড়াতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ করুক। মিথ্যা হলফনামা দেওয়ার জন্যও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।