
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 17 July 2024 23:46
দ্য ওয়াল ব্যুরো: বিচারকের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন কয়েকজন আইনজীবী। ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলেন তারা। সেই কারণে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। বনগাঁ আদালতের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে।
বনগাঁ বার অ্যাসোসিয়েশনে সেক্রেটারি সমীর দাস-সহ আইনজীবী কৃষ্ণ ঘোষ, নরোত্তম ঘোষ, বিশ্বজিৎ বিশ্বাস ওরফে হান্স বিশ্ব, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, তাপস বিশ্বাস এবং ল ক্লার্ক মনোজ সাহার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। পরবর্তী সময়ে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে উঠলে বিষয়টি খতিয়ে দেখে বিচারকের জারি করা নির্দেশ অনুযায়ী ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত রুল জারি হয়েছে।
হাইকোর্টের নির্দেশ, আগামী চার সপ্তাহ পর এই মামলার শুনানিতে ওই আইনজীবীদের জানাতে হবে যে কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত পদক্ষেপ করা হবে না। কিন্তু ঠিক কোন বিষয় নিতে এত বাড়াবাড়ি হল? আসলে বনগাঁ আদালতে বেশ কয়েক দিন ধরেই আইনজীবীদের একাংশের সঙ্গে বিচারকদের বিবাদ চলছে। যার জেরে একাধিক বিচারপতির এজলাসও বয়কট করছেন আইনজীবীরা। এই অবস্থার মধ্যেই গত এপ্রিল মাসে বনগাঁ ফাস্ট ট্র্যাক ২ নম্বর কোর্টের বিচারকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আইনজীবীদের একাংশ।
যদিও বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সমীর দাস বলেছেন, ''বারের পদে থাকার কারণে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে বিচারকের কোনও বিবাদ হয়নি।'' তবে তিনি বিবাদের প্রসঙ্গে এও দাবি করেছেন, আইনজীবীরা নিজেদের মধ্যে একটি ঝামেলায় জড়িয়ে পড়েছিল, কিন্তু তার মধ্যে নিজেই এসে পড়েন বিচারক। সমীরের বক্তব্য, তিনি যা বলার হাইকোর্টে বলবেন।