
কর্মীদের শান্ত করতে গাড়ি থেকে নামলেন দিলীপের স্ত্রী
শেষ আপডেট: 1 May 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও 'বন্ধু' অরূপ বিশ্বাসের (Arup Biswas) আমন্ত্রণে বুধবার সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপরই বৃহস্পতিবার কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা (BJP)। দিলীপের গাড়ি আটকে দেন বিজেপি কর্মীরাই। তুমুল বচসার মাঝেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়েন তাঁর স্ত্রী রিঙ্কু (Rinku)। ঠান্ডা মাথায় বোঝালেন দলের কর্মী-সমর্থকদের।
ঘটনা হল, বৃহস্পতিবার কোলাঘাটে চা চক্রের কর্মসূচি ছিল দিলীপের। তার জন্য যে জায়গা নির্বাচন করা হয়েছিল সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের একাংশ পৌঁছে গিয়েছিলেন। যখন সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পৌঁছন, তখন তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন দলেরই কর্মীদের একাংশ। অভিযোগ, দিলীপ যে চা চক্রে আসবেন সে ব্যাপারে আগে থেকে কেন জেলা সভাপতিকে জানানো হয়নি, কেন বিজেপির একাংশকে জানানো হয়নি!
যদিও দিলীপের বক্তব্য, যাঁরা এই ধরনের অভিযোগ করছেন, তাঁরা আসলে পার্টিটাকে কবজা করতে চান। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেই বিজেপি নেতা জানিয়ে দেন। অন্যদিকে যখন, দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন দলের কর্মীরা, তখন পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন তাঁর সহধর্মিণী রিঙ্কু। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।
বস্তুত, বুধবার কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সনাতনী হিন্দু মহাসম্মেলনের জমায়েত ছিল। সেই জায়গার উপর দিয়েই দিঘা গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ। কিন্তু সেখানে যাননি তাঁরা। রাখঢাক না রেখেই এ ব্যাপারে দ্য ওয়ালকে রিঙ্কু জানিয়েছিলেন, যদি শুভেন্দু অধিকারীর থেকে আমন্ত্রণ পেতেন তাহলে নিশ্চয়ই সেখানে যাওয়ার কথা ভাবতেন।
দিলীপের দিঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের সঙ্গে কথা বলা নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে চর্চা তুঙ্গে। দলের অন্দরে দিলীপের জগন্নাথ মন্দির সফরকে খুব একটা ভাল চোখে দেখেনি। যে কারণে বিজেপির অন্দরে একটা চাপা ক্ষোভ আছেই। আজ দিলীপকে ঘিরে কোলাঘাটে দলের কর্মীদের বিক্ষোভ, তারই বহিঃপ্রকাশ কিনা, সেটাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে বইকি।