
গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 30 April 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ ধামের (Digha Jagannath Temple) উদ্বোধন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা ঘনিয়েছে রাজ্য রাজনীতিতে। মূল বিষয় ছিল দুটো। রাজ্যের এত বড় এক অনুষ্ঠানে কি দেখা যাবে বিজেপি নেতাদের? রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করতে তাঁরা কি আসবেন দিঘায়? এবং দ্বিতীয়ত, দিঘার জগন্নাথ ধামের এই উদ্বোধনের দিনেই কাঁথিতে নিজের গড়ে মহাসনাতনী ধর্ম সম্মেলনের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নিয়ে প্রশ্ন উঠেছিল, এর কোনও প্রভাব কি পড়তে পারে দিঘার অনুষ্ঠানে?
জল্পনা পার করে বুধবার দুপুরে পরিকল্পনমাফিকই দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। চনচনে গরম ও চড়চড়ে রোদ্দুরকে উপেক্ষা করেই জমে উঠল উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের এই মঞ্চে অবশ্য দেখা যায়নি কোনও বিজেপি নেতা-নেত্রীকে। তবে উদ্বোধনের অনতিবিলম্ব পরেই সেখানে পৌঁছন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সঙ্গে সদ্যবিবাহিত স্ত্রী রিঙ্কুও। সেখানে তাঁকে মন্দির ঘুরিয়ে দেখান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
এর পরে অতিথিশালায় সোজা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন দিলীপ ও রিঙ্কু। বেশ কিছুক্ষণ পাশাপাশি বসে কথা বলতে দেখা যায় তাঁদের। শুধু তাই নয়, দিলীপ এদিন বলেন, তিনি মন্দির ভালবাসেন। নতুন মন্দির দেখা তাঁর পছন্দের কাজ। এই নিয়ে দলীয় কোনও বাধার তিনি পরোয়া করেন না।
এর পরেও উঠেছে একটা বড় প্রশ্ন। দিলীপ যে দিঘায় পৌঁছলেন, কাঁথির পথ পেরিয়েই আসতে হয়েছে তাঁকে। সেখানেই হচ্ছে তাঁর নিজের দলের আর এক হেভিওয়েট নেতার সনাতনী সভা। পূর্ব মেদিনীপুর জেলা তাঁরই গড় বলে চেনেন সকলে।
অথচ সেখানে আদৌ পা না রেখে, দিলীপ ঘোষ সোজা পৌঁছে গেলেন দিঘা! মানে সরাসরি বলা যায়, শুভেন্দুকে টপকে মমতার কাছে পৌঁছে গেছেন দিলীপ। ঘুরে দেখেছেন মন্দির, সেরেছেন সৌজন্য সাক্ষাৎ।
এই ঘটনাপ্রবাহ নিয়েই বেশ চঞ্চল হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল। কারণ অতীতে বহুবারই দেখা গেছে, পরপর কয়েকটি ঘটনার ধারাবাহিক যোগসূত্র এক সুতোয় বাঁধা পড়ে, বড় কোনও ঘটনা ঘটে গেছে রাজনীতিতে।
এক্ষেত্রেও কি দিঘার জগন্নাথ ধামে মমতার উদ্বোধনী অনুষ্ঠানে কোনও বিজেপি নেতার না আসা, তার পরে দিলীপ ঘোষের পৌঁছে যাওয়া, তাও আবার শুভেন্দুর গড়ে, তাঁরই আয়োজিত সনাতনী সভা টপকে... এ বিষয়টা কারও কারও চোখে খানিক গোলমেলে ঠেকছে বৈকী!
তবে অভিজ্ঞরা বলছেন, এইটুকু ঘটনাক্রম দিয়ে, রাজনীতির বৃহত্তর সম্ভাব্য ছবিটা এই মুহূর্তে কল্পনা না করাই বুদ্ধিমানের কাজ হবে। হতেই পারে, নিছকই নিজের ব্যক্তিগত ধর্মীয় ভাবাবেগের জায়গা থেকে দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দিরে গেছেন, হয়তো ভেবেছেন, বিয়ের পরে রিঙ্কুর সঙ্গে খানিক বেড়ানোও হবে!
এই নিয়ে শুভেন্দু অধিকারীকে ফোন করা হলে, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, দিলীপ ঘোষের দিঘায় যাওয়ার খবর শুনে তিনি নাকি বলেছেন, 'বাঁচা গেছে!'