
দুর্গাপুরে বিনা হেলমেটে দিলীপ ঘোষ।
শেষ আপডেট: 16 November 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। ২০১৭ সালের পর ফের ২০২৪ সালে তাঁকে দেখা গেল হেলমেট ছাড়া বাইকে চালাতে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন দিলীপ নিজেই।
দিলীপ বলেন, "সরকার ঠিক নেই তো লাইফ সেভ হবে কী করে!"
মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ শনিবার দুর্গাপুরে রয়েছেন। সকালে চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। মাথায় ছিল না হেলমেট। দিলীপবাবুর সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ জেলা নেতৃত্ব। তাঁদেরও কারও মাথায় হেলমেট ছিল না।
উল্টে দিলীপের এহেন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে কি মানুষকে হেলমেট না পরার বার্তা দিচ্ছেন বিজেপি নেতা? দিলীপের অবশ্য ব্যাখ্যা, "আগে সংগঠনের কাজে সাইকেল, মোটর সাইকেলই চালাতাম। এখন পার্টির কারণে গাড়িতে ঘুরতে হয়। সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে। যারা সংগঠন করে তাদের এই অভ্যাসটা রাখতে হয়। তাই সুযোগ পেয়ে কর্মীদের সঙ্গে একটু চালালাম।"
প্রসঙ্গত, দুর্ঘটনা ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করেছেন। পুলিশ প্রশাসনের তরফে সকলকে হেলমেট পরে বাইক চালানোর পরামর্শও দেওয়া হচ্ছে। আইন ভাঙলে পড়তে হচ্ছে জরিমানার মুখেও। শহরবাসীর একাংশের মতে, আইন তো সবার জন্যই সমান! তাহলে জনপ্রিয় নেতা বলে কি ছাড়? পুলিশ অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
এর আগে ২০১৭ সালে রায়গঞ্জ সফরে গিয়ে পুরভোটের আগে হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেদিন তাঁর বাইকে সওয়ারি ছিলেন লকেট চট্টোপাধ্যায়। হেলমেট ছিল না লকেটের মাথাতেও।