
শেষ আপডেট: 9 April 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এসএসসি মামলায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মুখ্যসচিবকে সময় বেঁধে দেওয়ার পরেই ঘাড়ে ধরে নিয়ে এসে সাজা দেওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মঙ্গলবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মেমারির বোহার গ্রামে প্রচারে যান। সেখানে তিনি বলেন, "যারা গন্ডগোল করেছে, কোর্ট ডাকলে যায় না,সেন্ট্রাল এজেন্সি ডাকলে যায় না, ভাবছে বেঁচে যাবে। বিচার ব্যবস্থার বাইরে কিছু হবে না। সবাইকে মানতে হবে। আমার মনে হয় কড়াকড়ি করা দরকার। বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা চলে যাচ্ছে। মানুষকে লুঠ করবে,মানুষের ইচ্ছা নিয়ে, অর্থ নিয়ে ছিনিমিনি খেলবে। আর যখন কোর্ট ডাকবে তখন পালিয়ে যাবে। আমার তো মনে হয় ঘাড়ে ধরে নিয়ে এসে সাজা দেওয়া উচিত প্রত্যেককে।"
এদিন দুর্গাপুরে প্রচারের পর দিলীপ ঘোষ প্রথমে যান পূর্ব বর্ধমানের নাড়াগোয়ালিয়া গ্রামে। সেখানে রক্ষাকালী মন্দিরে পুজো দেন। দিলীপ ঘোষকে নাড়াগোয়ালিয়া গ্রামের বাজার মোড় থেকে র্যালি করে নিয়ে যাওয়া যায় রক্ষাকালী মন্দিরে। সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে দুস্কৃতী ও দুর্নীতি মুক্ত করবে কেন্দ্রীয় সরকার। এখন এনআইএ গেছে সব ঠান্ডা হবে।এখন সাপ বেরুচ্ছে, ইঁদুর বেরুচ্ছে। যড়যন্ত্র আছে বলেই এনআইএ এসেছে। ছোটোখাটো নয়,আন্তর্জাতিক যড়যন্ত্র। সন্দেশখালিতে তাই, ভূপতিনগরেও তাই। এরকম জায়গায় জায়গায় ঘা হয়ে গেছে। সেগুলোর রিপেয়ারিং চলছে।"
ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের প্রতি তাঁর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ছে। সোমবার বাংলায় সার্জিক্যাল স্ট্রাইকের কথাও বলেছিলেন দিলীপ। ভূপতিনগরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর মন্তব্য ছিল, "পুলওয়ামা, বালাকোট হতে পারলে আরও বড় সার্জিক্যাল স্ট্রাইক হবে, কেউ বাঁচবে না। যারা দুর্নীতি করছে, বোমা বাঁধছে, মানুষ মারছে, তারা পার পাবে না।"