
দেব ও দিলীপ ঘোষ।
শেষ আপডেট: 27 April 2024 09:58
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের নিশানায় ঘাটালের সাংসদ তথা তৃণমূল প্রার্থী অভিনেতা দেব।
২০১৪ সাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। দিলীপের প্রশ্ন, "দেব দু'বার জিতে ঘাটালের মানুষের জন্য কী কাজ করেছে?"
খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, "শুধুমাত্র ওই এলাকার ছেলে বলেই মানুষ ওকে ভোট দিয়ে দেয়। ওই এলাকার মানুষকে সারা বছর জলের মধ্যে থাকতে হয়। বৃষ্টি নেই, তবু ঘাটালের মানুষকে বছরে দু'বার বন্যায় ভাসতে হয়!"
দিলীপের দাবি, "দেবের ভাঁওতাবাজির জবাব এবারে দেবে মানুষ। ও আর জিততে পারবে না।"
এ ব্যাপারে দেবের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি সামনে আসে। সুকৌশলে দিলীপ সেই প্রসঙ্গকেই উস্কে দিয়েছেন।
একই সঙ্গে সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল এবং পুলিশকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন দিলীপ। টেনে এনেছেন সিপিএমের কথাও।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কথায়, "এই শাহজাহান যখন সিপিএমে ছিল তখন পিস্তল নিয়ে ঘুরতো, এখন আবার বিদেশি অস্ত্র বেরুচ্ছে। বাংলা সন্ত্রাসবাদীদের গড় হয়ে গেছে। এখানে পুলিশের কোনও কাজ নেই। তাই অস্ত্র উদ্ধারের জন্য কম্যান্ডো নামাতে হচ্ছে, ভোট করার জন্য সিআইএসএফ আনতে হচ্ছে!"