
শেষ আপডেট: 21 April 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রবিবার দিঘার সমুদ্রতটে জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি ভেসে আসে। এই নিয়ে ধর্মীয় আলোড়ন পরে যায় সৈকত নগরীতে। রাজনৈতিক চর্চাও তুঙ্গে ওঠে। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসল রহস্য উদঘাটন হল।
জানা গেছে, দিঘার বাসিন্দা কল্পনা জানার বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছিলেন জগন্নাথদেবের এই মূর্তি। সম্প্রতি বিগ্রহটির একটি হাত ভেঙে যায়। এরপর পুরোহিতের পরামর্শে রবিবার সকালে তাঁরা ওই বিগ্রহটিকে ধর্মীয় আচার মেনে সমুদ্রে বিসর্জন দেন। বিসর্জনের পর সেই বিগ্রহটিই আবার সমুদ্রের ঢেউয়ে ভেসে ফিরে আসে উপকূলে। এ কথা জানাজানি হতেই স্থানীয়রা এই ঘটনাকে ঈশ্বরীয় সংকেত বলে মনে করছেন। ওই নবনির্মিত ঘাটে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ ফুল দিচ্ছেন, কেউ আবার প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছেন।
কল্পনা জানা বলেন, "বিগ্রহটির হাত ভেঙে যাওয়ায় আমরা পুরোহিতের পরামর্শে তা বিসর্জন দিই। এখন আমরা নতুন বিগ্রহ নির্মাণ করছি।" জেলা পরিষদের সভাধিপতি তথা জগন্নাথ ধাম উদ্বোধন কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তম বারিক জানান, আসল রহস্য উদঘাটনের অপেক্ষায় ছিলেন তাঁরা। সেটিই হল।
এদিকে সোমবারই দিঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত। জাঁকজমক করে পুজোর পর ঠাকুর দেখতে আসা প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ঠাকুর দেখতে ভিড় জমান অনেকেই। অবনীবাবুর বন্ধু দীপেন সোম জানান, এটা নিঃসন্দেহে তাঁদের কাছে একটা বড় ঘটনা।