
লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 May 2024 19:03
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: চারদিন পর ভোট। তার আগে দিদি নম্বর ওয়ান-এর অডিশন বিতর্কে শোরগোল পড়ল হুগলিতে। ভোটারদের প্রভাবিত করে আচরণ বিধি ভাঙার অভিযোগ আনলেন লকেট। রচনার দাবি, অপপ্রচার করা হচ্ছে।
চুঁচুড়ার রবীন্দ্রনগরের দেবীদাসতলার একটি স্টুডিওতে বুধবার সকাল থেকে ভিড়। দেখা যায় মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক টানাপড়েন।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ান-এ সুযোগ করে দেওয়ার নাম করে ভোট চাওয়া হয়েছে। তিনি বলেন, "আমার কাছে কিছু ভিডিও এসেছে। সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ান-এ সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। শ্যুটিংয়ে অংশগ্রহণের লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আরে! দিদি নম্বর ওয়ান দেখে ভোট দেওয়া হবে?"
তবে রচনা বন্দ্যোপাধ্যায় লকেটের দাবি খারিজ করে বলেন, এখানে শ্যুটিং হচ্ছে। অডিশন হয়নি। তিনি বলেন, "দিদি নম্বর ওয়ান তিনশো পঁয়ষট্টি দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। সারাদিন প্রচার করে রাতে কাজ করছি। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ভোট নিয়েও কোনও ব্যাপার নেই। ভোট এসে গেছে এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার কী!"