
শেষ আপডেট: 27 April 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: এক ম্যাচের ব্যবধানে পাল্টে গেল সব। মুম্বইয়ের বিরুদ্ধে যে জন্য মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) মাথায় তুলেছিলেন ভক্তরা, রাজস্থানের বিরুদ্ধে (CSK vs RR) সে জন্যই মাহির ওপর চটেছেন তাঁরা। কিন্তু এমন ঘটনা খুবই কমই ঘটেছে। এদিনের ম্যাচে ব্যর্থ 'ধোনি রিভিউ সিস্টেম' (Dhoni Review System)!
উইকেটের পিছনে দাঁড়িয়েও বল পড়ে ফেলার ক্ষমতা আছে ধোনির! বহু ম্যাচে দেখা গেছে, অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ডিআরএস নিয়েছেন মাহি। বারবারই সাফল্য এসেছে। কিন্তু বৃহস্পতিবার আইপিএলের ৩৭ তম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে রিভিউ নিয়েও আউট করতে পারলেন না বিপক্ষের ব্যাটারকে। নষ্ট হয় একটা রিভিউ।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ ওভারে। বল করছিলেন মহেশ থিকসানা। তাঁর বল সুইপ করতে যান রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। কিন্তু বল ব্যাটে না লেগে লাগে সোজা প্যাডে। এলবিডব্লিউর আবেদন ওঠে চেন্নাইইয়ের থেকে। কিন্তু আম্পায়ার আউট দেন না।
ধোনি সময় নেননি রিভিউ নিতে। চেন্নাই ভক্তদের মধ্যে উল্লাস ছিল মাত্রাহীন। কারণ ধোনি রিভিউ নিয়েছেন, মানে আউট হবেই। কিন্তু এবার সেটা হয়নি। তৃতীয় আম্পায়ার বিগ স্ক্রিনে জানিয়ে দেন 'নট আউট'।
ধোনির এভাবে রিভিউ নষ্ট করা নিয়ে ভক্তদের একাংশের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। তবে কেউ কেউ বলছেন, ধোনিও তো আর পাঁচ জনের মতোই। ভুল তো হতেই পারে। কেউ কেউ আবার বলছেন, একটা ভুলের জন্য আগের বহু ঠিক সিদ্ধান্তকে ভুলে যাওয়া উচিত নয়।
ধোনিদের জয়ের রথ থামল রাজস্থানে এসে, অশ্বিন-জাম্পা ঘূর্ণিতে হার চেন্নাইয়ের