
শেষ আপডেট: 30 July 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৫টা টাকা। সেটা দিতে পারেনি বলেই এমন নৃশংসভাবে পিটিয়ে খুন! রবিবার দুপুরে ঢাকুরিয়ায় (Dhakuria) একটি মদের দোকানে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। নিহত সুশান্ত মণ্ডলের পরিবারের দাবি, ওই দোকানির সঙ্গে ৫ টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। ৫টা টাকা ছিল না বলে ওই দোকানি বেরিয়ে এসে এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকেন সুশান্তকে। সেখানেই লুটিয়ে পড়েন সুশান্ত। তাঁর মাথাও ঠুকে দেওয়া হয়। প্রচণ্ড রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর।
ওই মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে, তা ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন সুশান্ত। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানের সামনে দাঁড়ানো সুশান্তকে এর পরে ঘাড় ধরে টেনে আনেন ওই দোকানি। তারপরেই শুরু হয় এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে সুশান্তের মাথা ঠুকে দেওয়া হয়। পাশেই আমরি হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
এই ঘটনার পর উত্তেজিত জনতা ওই মদের দোকানে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুশান্তর পরিবারের লোকেরা জানাচ্ছেন, মাত্র ৫টাকার জন্য মারামারি হয়। দোকানের সামনে ছেলেটার রক্তাক্ত দেহ পড়েছিল। ৫ টাকা কম পড়েছিল বলে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলল।
আরও পড়ুন: মণিপুরের ক্ষত সারাবে 'ইন্ডিয়া', আমরা পাশেই আছি: মমতা
এদিন দুপুরের ওই ঘটনার পর গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে। ভাঙচুর, রাস্তা আটকে বিক্ষোভ চলে। বিকেল অবধি পরিস্থিতি থমথমে ছিল। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত প্রবীর দত্ত ওরফে টিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়। তবে স্থানীয়দের দাবি, মদের দোকানের যিনি মালিক, তিনি এখনও গা ঢাকা দিয়ে আছেন।