রাস্তায় নেমে চালকের লাইসেন্স চেক ছাত্রদের, ফেঁসে গেল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িও
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার বাস চাপা পড়ে মারা গিয়েছে ঢাকার দুই পড়ুয়া। নিরাপদ সড়কের দাবিতে তার পর থেকেই আন্দোলনে নেমেছে ছাত্ররা। মন্ত্রীরা আশ্বাস দিয়েছেন, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সেই আশ্বাসে কান না দিয়ে ছাত্রছাত্রীরা
শেষ আপডেট: 2 August 2018 09:34
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার বাস চাপা পড়ে মারা গিয়েছে ঢাকার দুই পড়ুয়া। নিরাপদ সড়কের দাবিতে তার পর থেকেই আন্দোলনে নেমেছে ছাত্ররা। মন্ত্রীরা আশ্বাস দিয়েছেন, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সেই আশ্বাসে কান না দিয়ে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার নিজেরাই নেমেছে পথে। একের পর এক গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছে। তখনই দেখা যায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবর রহমানের গাড়িরও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। একটি পুলিশ ভ্যানের চালকেরও লাইসেন্স পাওয়া যায়নি।

এদিন বেলা ১০ টা নাগাদ বিভিন্ন স্কুল কলেজের ৫০০ পড়ুয়া শহরের শাহবাগ মোড়ে জড়ো হয়। ব্যারিকেড দিয়ে কয়েকটি লেন তৈরি করে। প্রতিটি লেনের মুখে একদল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গাড়ি থামিয়ে লাইসেন্স দেখতে থাকে। বিজয় সরণির মোড়, সায়েন্স ল্যাবরেটরির মোড়, নিউ মার্কেট এলাকাতেও ছাত্ররা লাইসেন্স পরীক্ষা করে। লাইসেন্স বিহীন চালকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বেলায় শহর জুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়। তাতেও ছাত্রছাত্রীরা রাস্তা ছেড়ে নড়েননি।
