
শেষ আপডেট: 22 October 2023 20:28
দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় ঠাকুর দেখার ভিড়। পুজোর কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। উল্টোডাঙায় এক বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই থেকে আগুন লাগে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আশপাশে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
জানা গেছে, উল্টোডাঙার ইস্ট ক্যানেল স্ট্রিটের একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। বিস্ফোরণের জেরেই আগুন লাগে। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন, বলে খবর। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
বিকট শব্দে ফাটল সিলিন্ডার, তারপরই ভয়াবহ আগুন! অষ্টমীর সন্ধ্যায় অগ্নিকাণ্ড কলকাতায় #Kolkata #FireBrokeout #DurgaPuja2023 #DurgaAshtami #TheWallBangla pic.twitter.com/9tJ8n15d8f
— The Wall (@TheWallTweets) October 22, 2023
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে রাত আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ৫টি ইঞ্জিন এখন আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল সূত্রে খবর, প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দাদের কথায়, সন্ধের দিকে বিকট শব্দ শোনা যায়। কী ঘটেছে, প্রথমে কেউই বুঝতে পারেননি। তবে পরে আগুন দেখতে পান সকলে। সেই আগুন আশপাশে ছড়াতে শুরু করে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী এসে পৌঁছনোয় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।