
শেষ আপডেট: 21 February 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: ইডি দফতরে পৌঁছে গেলেন দেব। গরু পাচার মামলায় এদিন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল দিল্লির ইডি দফতরে। সেই অনুযায়ী বুধবার সকালে ইডি দফতরে পৌঁছন তিনি। ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ঘাটালের তৃণমূল সাংসদ।
গরু পাচার মামলার টাকা তাঁর সিনেমায় খাটানোর অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেবের বক্তব্য, কোনও অসৎ কাজের সঙ্গে তাঁর যোগ নেই। গরু পাচারের টাকা দিয়ে সিনেমা করারও কোনও প্রশ্নই ওঠে না। এদিন সকাল ১১টায় দিল্লির ইডি দফতরে হাজির হন তিনি। অফিসে ঢোকার আগে সাংবাদিকদের জানান, এর আগেও ইডি যতবার তাঁকে ডেকে পাঠিয়েছে, ততবারই হাজিরা দিয়েছেন তিনি। কারণ তিনি কোনও অপরাধের সঙ্গে জড়িত নন।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে ডেকে দেবকে জেরা করেছিল সিবিআই। গরু পাচারকাণ্ডে বিভিন্নজনকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল বলে দাবি করেছিলেন সিবিআই আধিকারিকরা। ২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ। গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ঘাটালের সাংসদ ৫ কোটি টাকা নিয়ে সিনেমায় ঢেলেছেন বলে অভিযোগ করেছিলেন হিরণ। দেব সরাসরি চ্যালেঞ্জ করে বলেছিলেন তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ।
এদিন ইডি দফতরে ঢোকার আগে দেব বলেন, "আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তাই ইডি আধিকারিকদের মুখোমুখি হতে আমার কোনও চাপ নেই। এর আগেও যতবার ডাকা হয়েছে ততবার এসেছি। আবার ডাকলে আবারও আসব।" অনেক রাজনৈতিক নেতা ইডি ডাকলে সময় চেয়েছেন। এই প্রসঙ্গ উঠতেই দেব বলেন, "সিনেমার বড় কোনও কাজ থাকলে তখন সময় চাইতাম। সেরকম কোনও সমস্যা না থাকায় আমি সময় চাইনি। কারণ আমি জানি কোনও দুর্নীতির সঙ্গে আমার যোগ নেই। তাই ইডির আধিকারিকদের মুখোমুখি হতেও কখনও পিছিয়ে যাইনি।"