এই চিঠিতে তৃণমূলের অভিযোগ, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ভোটারদের মধ্যে বিনামূল্যে মদ বিলি করছেন।

ডেরেক ও'ব্রায়েন
শেষ আপডেট: 13 April 2026 14:31
দ্য ওয়াল ব্যুরো: ভোট (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই তেতে উঠছে পূর্ব মেদিনীপুর। এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মদ খাইয়ে প্রভাবিত করার মত গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে রবিবারই রাজ্য নির্বাচন কমিশনের (CEO) দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien)।
এই চিঠিতে তৃণমূলের অভিযোগ, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ভোটারদের মধ্যে বিনামূল্যে মদ বিলি করছেন। চিঠিতে নির্দিষ্ট করে নাম নেওয়া হয়েছে বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরি ও তাঁর স্ত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী মিনতি গিরি-র। অভিযোগ, কাঁথি-১ ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর বুথে তাঁরা প্রকাশ্যে মদ বিলি করছেন এবং বিনিময়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন।
এই চিঠিতে তৃণমূল যে প্রধান দাবিগুলো তুলেছে তার মধ্যে রয়েছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ডেরেক ও’ব্রায়েনের দাবি, এই ঘটনা সরাসরি মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) এবং জনপ্রতিনিধিত্ব আইনের (RPA, 1951) ১২৩(১) ধারার বিরোধী। পাশাপাশি ফ্লাইং স্কোয়াড নিয়োগ নিয়েও অভিযোগ করেছে তৃণমূল। দলের তরফে দাবি করা হয়েছে, অবিলম্বে ওই এলাকায় ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম পাঠিয়ে তল্লাশি চালাতে হবে এবং মদ বাজেয়াপ্ত করতে হবে।
এছাড়াও শোকজ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ করা হয়েছে বাংলার শাসক দলের তরফে। বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস-সহ সংশ্লিষ্ট বিজেপি নেতাদের শোকজ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের নির্বাচনী প্রচার থেকে দূরে রাখার আর্জিও জানিয়েছে জোড়াফুল শিবির। ভারতীয় ন্যায় সংহিতা (BNS, 2023)-এর ১৭১ ও ১৭৪ ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করার আবেদন জানিয়েছে তৃণমূল।
এখনেই না থেকে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠিতে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি বড় একটি সংগঠিত চক্র এবং বিপুল আর্থিক মদত ছাড়া এই পরিমাণ মদ বিলি সম্ভব নয়। ভোটারদের ভয় দেখিয়ে এবং প্রলোভন দিয়ে গণতন্ত্রকে কলুষিত করা হচ্ছে বলেও তোপ দেগেছেন তিনি।
ভোটের ঠিক আগেই এই অভিযোগ ঘিরে সরগরম কাঁথির রাজনীতি। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কমিশনের নজর এখন দক্ষিণ কাঁথির ১৯৬ নম্বর বুথে থাকে কি না, সেটাই দেখার।