সোমবার সুপ্রিম কোর্টে বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীদের অভিযোগ ছিল, জুডিশিয়াল অফিসাররা কোনও সুনির্দিষ্ট কারণ না দর্শিয়েই তাঁদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলেছেন।
.jpeg.webp)
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 13 April 2026 13:51
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা বাজার পর থেকেই ভোটার তালিকা ও 'এসআইআর' (West Bengal SIR) বিতর্ক পিছু ছাড়ছে না। এই আবহে সোমবার ফের একবার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করল দেশের শীর্ষ আদালত (Supreme Court SIR)। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানাল, "রাজ্য এবং নির্বাচন কমিশন - এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে সাধারণ ভোটাররা কার্যত পিষ্ট হচ্ছেন।"
সোমবার সুপ্রিম কোর্টে বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীদের অভিযোগ ছিল, জুডিশিয়াল অফিসাররা কোনও সুনির্দিষ্ট কারণ না দর্শিয়েই তাঁদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলেছেন। যদিও এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে, এই অভিযোগ নিয়ে আবেদনকারীকে ট্রাইব্যুনালের কাছেই দ্বারস্থ হতে হবে। তবে জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোর্টের মন্তব্য, "তাঁদের ভুল হতেই পারে, কিন্তু সেই কারণে তাঁদের এভাবে ব্যক্তিগতভাবে টার্গেট করা উচিত নয়।"
তবে এ দিনের সবথেকে বড় নজর রয়েছে পশ্চিমবঙ্গের সামগ্রিক এসআইআর (SIR) মামলার দিকে। এই বিশেষ প্রক্রিয়ার জেরে রাজ্যজুড়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম কেন বাদ গেল এবং তাঁরা আদৌ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে দেশজুড়ে জল্পনা তুঙ্গে। আজই সেই ভাগ্য নির্ধারণী মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।
রাজ্যজুড়ে ভোটার ছাঁটাই নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা। কমিশনের তথ্যের গরমিল এবং ভোটারদের অধিকার নিয়ে শীর্ষ আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করছে প্রায় ৯১ লক্ষ মানুষের ভোটাধিকার। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সোমবারের শুনানির শেষে কী নির্দেশ দেয়, সেদিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল এবং কয়েক লক্ষ ব্রাত্য ভোটার।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এই সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকায় প্রথমেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল। এরপর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম ছাঁটাই হয়। সবচেয়ে বড় বিতর্ক ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ভোটারদের নিয়ে। গত সোমবারের তালিকায় দেখা যাচ্ছে, এই তালিকায় থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে। সব মিলিয়ে এই সংশোধন পর্বে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে মুছে গিয়েছে।