দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার মার্কিন কংগ্রেসে স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সরকার কী কাজ করেছে, তা বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। ট্রাম্পের পিছনে বসে ভাষণ শুনছিলেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। ভাষণের শেষে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা যখন তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, তখনই উঠে দাঁড়ান স্পিকার। ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেলেন টুকরো টুকরো করে। ন্যান্সির এই আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশ্ব জুড়ে।
প্রশ্ন উঠেছে, কেন প্রেসিডেন্টের ভাষণের কপি ছিঁড়তে গেলেন স্পিকার? জানা গিয়েছে, ভাষণের আগে, ট্রাম্প যখন কংগ্রেস ভবনে ঢুকছেন, তখন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন ন্যান্সি। ট্রাম্প হাত না বাড়িয়ে সোজা চলে যান। এতে অপমানিত হন স্পিকার। ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলার পরে এক রিপোর্টারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্পকে জবাব দেওয়ার জন্য এই একটা কাজই করার ছিল।
পরে টুইট করে ৭৯ বছর বয়সী ন্যান্সি বলেন, “কাজ সফল করার জন্য ডেমোক্র্যাটদের বন্ধুত্বের হাত বাড়ানোই থাকবে।”
মার্কিন কংগ্রেসে প্রাধান্য রয়েছে ডেমোক্র্যাটদের। ছয় সপ্তাহ আগে সেখানে ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রস্তাব সমর্থন করা হয়। এরপর ট্রাম্প টুইটারে স্পিকার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তিনি লিখেছিলেন, নার্ভাস ন্যান্সি, পাগল ন্যান্সি। তাঁর বিরুদ্ধে অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ বলে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।
ডেমোক্র্যাট পার্টির অন্যান্য নেতারাও ট্রাম্পের ভাষণের সমালোচনা করেন। সেনেটের ডেমোক্র্যাট সদস্য চাক শুমার বলেন, “ট্রাম্প যা বলেছেন, তাতে মনে হয়েছে, তিনি জনসভায় ভাষণ দিচ্ছেন।” পরে চাক মন্তব্য করেন, ট্রাম্প বড় বড় কথা বলেছেন। বেশিরভাগ কথাই অসত্য। এই ধরনের কথা প্রেসিডেন্টের সম্মানের সঙ্গে সাযুজ্যপুর্ণ নয়।