দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেখানে তিনি দলকে পরামর্শ দেন, অবিলম্বে মানুষের কাছে যেতে হবে। দলের জনসংযোগ বাড়াতে হবে। কারণ হিসাবে সনিয়া বলেন, বিজেপি জনাদেশকে বিপজ্জনকভাবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে।
মহাত্মা গান্ধীর জন্মের দেড়শ বছর উদযাপনের পরিকল্পনা করার জন্য সনিয়া এদিন কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এআইসিসি-র সব সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেসের সভাপতিরা। যদিও দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী উপস্থিত ছিলেন না।
সনিয়া বলেন, কংগ্রেসকে অবশ্যই আন্দোলনের কর্মসূচি নিতে হবে। এখন পরীক্ষা দিতে হবে আমরা কতদূর দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে।
সরকারের সমালোচনা করে সনিয়া বলেন, তারা মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল ও বি আর আম্বেদকরের মতো স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্যকে ভুলভাবে ব্যবহার করছে। নিজেদের শয়তানি কর্মসূচি রূপায়ণ করার জন্য তাঁরা মহান স্বাধীনতা সংগ্রামীদের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে।
এই বৈঠকে মনমোহন সিং বলেন, আমরা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছি। অর্থনীতি দীর্ঘস্থায়ী মন্দার যুগে প্রবেশ করেছে। পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে।
এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর রাজ্যে কংগ্রেসের মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। তিনি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলে বিরোধ মেটানোর চেষ্টা করছেন।