দ্য ওয়াল ব্যুরো : গত ২৫ মে দিল্লির বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পূর্ব দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্মীদের অবহেলার জন্য তিনি সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন। বেসরকারি হাসপাতালটি তখন বৃদ্ধকে ভেন্টিলেশনে রাখে। তারপর তাঁর পরিবারের থেকে বিরাট অঙ্কের টাকা দাবি করে। শেষে বলে, আমাদের হাসপাতালে কোভিড ১৯ রোগের চিকিৎসা হওয়া সম্ভব নয়। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে।
তখন বৃদ্ধকে নিয়ে তাঁর পরিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে যায়। কিন্তু কোথাও তাঁকে ভর্তি করা যায়নি। বৃদ্ধের ছেলে অভিযোগ করেন, দিল্লির এইমস, ম্যাক্স হসপিটাল, শ্রী গঙ্গারাম হসপিটাল এবং রাজীব গান্ধী হসপিটাল তাঁদের ফিরিয়ে দেয়। তখন বৃদ্ধের পরিবার সিদ্ধান্ত নেয়, তারা আদালতের হস্তক্ষেপের জন্য আবেদন করবে। সেইমতো তারা হাইকোর্টে আবেদন করে, কোনও সরকারি হাসপাতালে যেন বৃদ্ধের জন্য ফ্রি বেড ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার এই আবেদনের ওপরে শুনানি হওয়ার কথা ছিল। এদিনই বৃদ্ধের মৃত্যু হয়।
বৃদ্ধের ছেলের একটি সাইকেল মেরামতির দোকান আছে। তিনি বাবার চিকিৎসার জন্য আত্মীয়দের কাছে দু’লক্ষ টাকা ধার করেছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ডাক্তারদের কাছে গিয়েছি, আম আদমি পার্টি ও বিজেপির নেতাদের কাছেও গিয়েছি, সবাই আমাদের মিথ্যা কথা বলেছে। তাঁদের শাস্তি হওয়া উচিত।
দিল্লিতে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। অভিযোগ, তাঁদের অনেকেরই ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। বৃহস্পতিবারই করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট গাইড লাইন দিয়েছে দিল্লি সরকার।