
শেষ আপডেট: 19 January 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষককে ছুরি দিয়ে কোপাল (Student Stabbed his Teacher) এক পড়ুয়া। আচমকা হামলায় ভয় পেয়ে যান ওই পরীক্ষক। ছুরির আঘাতে তৎক্ষনাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই শিক্ষকের।
ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) ইন্দেরপুরীর একটি সরকারি স্কুলে। জানা গেছে, বৃহস্পতিবার এই স্কুলের দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। ভুদেব নামে এক শিক্ষক পরীক্ষার তদারক করছিলেন। অভিযোগ, সেইসময় হঠাৎই এক ছাত্র, ভুদেবের পেটে ছুরি মারে।
ঘটনার পরেই পরীক্ষার হলে আতঙ্ক ছড়ায়। দৌড়ে আসেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ভুদেবকে ওই অবস্থায় উদ্ধার করে বিএলকে কাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই শিক্ষকের অবস্থা সংকটজনক।
পুলিশ সূত্রে খবর, ভুদেবকে একাধিকবার ছুরি দিয়ে কোপানো হয়েছে। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও দু'জন জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি।
'অঞ্জলির মতোই আমার অবস্থা হতে পারত', দিল্লি মহিলা কমিশনের প্রধানকেও ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি