
শেষ আপডেট: 16 November 2022 07:37
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কি ফুরিয়ে এসেছিল শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) ও আফতাব আমিন পুনাওয়ালার সম্পর্কে? দিল্লির নারকীয় হত্যাকাণ্ডের (Delhi Murder Case) ঘটনা সামনে আসতেই এই প্রশ্নটাই সবার মনে প্রথমে আসে। পরে পুলিশি জেরার মুখে আফতাবও (Aftab Ameen Poonawala) স্বীকার করে নেয় যে, সম্পর্কের টানাপড়েন থেকেই তার লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুনের কথা ভাবে সে!
কিন্তু কবে থেকে দু'জনের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়? ২০১৯ সালে আফতাবের প্রেমে পড়েন শ্রদ্ধা। মহারাষ্ট্রের পালঘরের চাকরি ছেড়ে চলে আসে দিল্লিতে। আফতাবের সঙ্গে থাকতে শুরু করেন। পরে আফতাব দিল্লির ছত্তরপুরে একটি ফ্ল্যাট ভাড়া করে, সেখানেই থাকতে শুরু করে দু'জনে।
এমন সম্পর্কে ভাঙনের শুরু কীভাবে? এই নিয়ে পুলিশের সামনে সেভাবে মুখ না খুললেও শ্রদ্ধার ইনস্টাগ্রাম (Instagram Post) থেকে মিলেছে কিছু তথ্য। যা স্পষ্টতই ইঙ্গিত করে যে শ্রদ্ধা সম্পর্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চাইছিলেন। যদিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না শ্রদ্ধা। মাঝেমধ্যে দু'একটা পোস্ট করতেন।
চলতি বছরের ভ্যালেন্টাইন ডে-তে আফতাবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন শ্রদ্ধা। ক্যাপশনে লেখা, 'খুশির দিন…', হ্যাঁ তখন সত্যিই দু'জনের সম্পর্ক ভাল ছিল। সেই ছবিতে আফতাবকে শ্রদ্ধার গালে চুমু খেতেও দেখা যায়। কিন্তু তারপর থেকেই ভাঙন শুরু হয়। অন্তত শ্রদ্ধার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটাই জানা যাচ্ছে।
মৃত্যুর আগে দুটি পোস্ট করেছেন শ্রদ্ধা। কিন্তু সব ছবিতেই তিনি একা। একা একাই ঘুরতে বেরিয়ে গেছিলেন শ্রদ্ধা। গঙ্গার ধারের একটি রিল পোস্ট করেন। সেখানে তাঁর একাকীত্বতার ছবি ফুটে উঠেছে। এমনকী মৃত্যুর সপ্তাহ খানেক আগে পোস্ট করা একটি ছবি থেকেও সেই ধারণা স্পষ্ট!
উল্লেখ্য, নিজের প্রেমিকা শ্রদ্ধাকে খুব ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা নেয় আফতাব। কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন যে কতটা নৃশংস আকার নিতে পারে, তা শ্রদ্ধার খুনের ঘটনা সামনে আসতেই বোঝা যাচ্ছে। সেই সঙ্গে আফতাবের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে।
৬ মাস ধরে সব লুকিয়ে দিব্যি ছিল আফতাব, ছোট্ট মিথ্যেই ধরিয়ে দিল তাকে! কোন পথে তদন্ত, পড়ুন