
শেষ আপডেট: 1 January 2023 09:58
দ্য ওয়াল ব্যুরো: স্বামীরই বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। সেই ঘটনা জানতে পারার পরেই স্ত্রী এবং বন্ধু দুজনকেই খুন করল যুবক (Man Murders Wife and Friend Over Affair)। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi murder) গত ৩০ ডিসেম্বর। অভিযুক্তের নাম সানি। পুলিশ জানিয়েছে, দেড় বছর আগে বিয়ে হয়েছিল সানির। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নয়ডায় থাকতে শুরু করে সানি। দুজনে নয়ডায় একটি হাসপাতালে কাজ নেয়। দিন পনেরো আগে স্বামীর ছোটবেলার বন্ধু সাগরের সঙ্গে আলাপ হয় সানির স্ত্রীর। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনে। এমনকি, একসঙ্গে থাকতেও শুরু করে তারা।
পুলিশ সূত্রে খবর, স্ত্রীর থেকে দূরে থাকার জন্য সাগরকে একাধিকবার হুমকি দিয়েছিল সানি। কিন্তু তাতে কাজ না হওয়ায় গত ৩০ ডিসেম্বর শুক্রবার দিল্লির সফদরজং এলাকায় সাগর এবং নিজের স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সানি।
রক্তাক্ত অবস্থায় দুজনের রাস্তায় পড়ে থাকার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। সাগর ও তার প্রেমিকাকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় দুজনের।
এরপর হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলে সানির খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তদন্তকারীদের পাঁচটি দল নয়ডা এবং দিল্লির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে সানিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, জেরায় দুজনকে খুন করার কথা স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ এবং ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম ৯ বছরের শিশু, বছরের প্রথম দিনেই উত্তেজনা মাথাভাঙায়