
শেষ আপডেট: 18 December 2022 11:27
দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুদের উপর গাড়ি চালিয়ে দিলেন এক যুবক (Runs Over 3 Children)। ঘটনায় গুরুতর আহত হয়েছে একটি শিশু।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ন'টা নাগাদ দিল্লির (Delhi) গুলাবি বাগের লীলাবতী স্কুলের সামনের ফুটপাতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার পুরো দৃশ্য। সূত্রের খবর, এদিন সকালে স্কুলের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি শিশু। সেই সময় পাশের রাস্তা দিয়ে একটি মারুতি ব্রেজা গাড়ি চালিয়ে আসছিলেন ৩০ বছর বয়সি এক যুবক। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তারপরেই সোজা ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুগুলির উপর উঠে যায় তাঁর গাড়িটি।
দুর্ঘটনায় গুরুতর জখম হয় তিনটি শিশু। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। আহত শিশুগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ এবং ৪ বছর বয়সি দুটি শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৬ বছর বয়সি অন্য একটি শিশুর আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তার।
ঘটনার পরেই গাড়ির চালক এবং গাড়িতে থাকা অন্য একজনকে নামিয়ে এনে মারতে শুরু করেন স্থানীয়রা। শিশুগুলির পরিবারের লোকজনের অভিযোগ, ওই চালক আসলে গাড়ি চালানো শিখছিলেন। দুর্ঘটনার আগেই গাড়িটি ওই এলাকায় তিনবার ঘুরে গেছে বলে জানিয়েছেন তাঁরা। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি করেছেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন, সামনে স্কুল থাকায় গাড়ির চালককে বারবার সাবধান করা হয়েছিল। কিন্তু তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ।
ঘটনার পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আহত শিশুদের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটি ভেঙে দিয়েছিল উত্তেজিত এলাকাবাসী। সেটিও সরিয়ে নিয়ে গেছে পুলিশ।
হোটেলে মাদক খাইয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক পলাতক