দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে দিল্লিতে কমেছে কোভিড সংক্রমণ (Covid Infection)। দিল্লির কেজরিওয়াল (Kejriwal) সরকার লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের (Anil Baijal) কাছে প্রস্তাব করেছিল, রাজধানীতে সপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়া হোক। কিন্তু শুক্রবার জানা গেল, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাইজাল। তিনি স্পষ্ট বলেছেন, যতদিন কোভিড আক্রান্তের সংখ্যা আরও না কমছে, ততদিন আগের ব্যবস্থাই চালু রাখতে হবে। অর্থাৎ প্রতি শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত শহরে জারি থাকবে কার্ফু। দোকানও খুলবে জোড়-বিজোড় সংখ্যা অনুযায়ী। তবে বেসরকারি সংস্থাকে তিনি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন।
দিল্লিতে কোভিড বিধি শিথিল করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ওই সংস্থার বৈঠকে সভাপতিত্ব করবেন অনিল বাইজাল। বৈঠক হবে আগামী সপ্তাহে।