
শেষ আপডেট: 27 April 2022 14:15
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শেষেই ৪৬ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যেতে পারে দিল্লি (Delhi Heat Wave)! ইতিমধ্যেই গরম হাওয়া যেন পুড়িয়ে দিচ্ছে রাজধানীকে। আজ ছিল ৪২ ডিগ্রি তাপমাত্রা, আগামীকাল হতে পারে ৪৪ ডিগ্রি। রীতিমতো উদ্বেগ প্রকাশ করে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে, আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়ে, এপ্রিলে তাপপ্রবাহের সমস্ত রেকর্ড ভেঙে যাবে দিল্লিতে। তথ্য বলছে, মার্চ মাসেই দিল্লিতে ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রার পারদ, যা রেকর্ড গড়েছিল। এপ্রিলেও বৃষ্টিহীন দিনে তাপপ্রবাহের নতুন রেকর্ডই তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
আইএমডির তরফে তাপপ্রবাহের তীব্রতা অনুযায়ী চারটি জোন ভাগ করা হয়েছে দিল্লিকে। রেড, ইওলো, গ্রিন এবং অরেঞ্জ। রেড জোনে রাখা হয়েছে প্রবল তাপপ্রবাহ প্রবণ এলাকাকে। সেখানে সাধারণ মানুষকে দিনের বলায় বেরোতে নিষেধ করা হয়েছে। জারি হয়েছে একগুচ্ছ স্বাস্থ্য সতর্কতা।
শুধু দিল্লি নয়, দেশের একাধিক রাজ্যেই তাপমাত্রা নিয়ে উদ্বিগ্ন আইএমডি। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল,২৮ এপ্রিল। বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে আগেভাগে। গা ঢাকা, সুতির ঢিলে পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলেই ছাতা, টুপি মাথায় দিতে হবে। অনেক জল খেতে হবে। হালকা খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছে আইএমডি। খেতে হবে শশা, তরমুজের মত জলীয় ফল। যে কোনও সময় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন হলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তাপপ্রাহের পাশাপাশি লু-এর সতর্কতাও জারি করা হয়েছে বুধবার। রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাতে লু বইবে বলে জানিয়েছে আইএমডি। শনিবার পর্যন্ত এমনটাই চলবে। ২৯ এপ্রিল আবার দিল্লিতে আঁধি ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। বলা হয়েছে, ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে ধুলোর ঝড় উঠতে পারে।
অন্যদিকে আবার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আবাহওয়ার যেন এক তোলপাড় অবস্থা, যা ভাবাচ্ছে আইএমডি-র কর্তাদের।
ব্যাঙের বিয়ে আরামবাগে! কাঠফাটা রোদে এভাবেই বৃষ্টি চাইলেন গ্রামবাসীরা