
শেষ আপডেট: 1 December 2022 05:19
দ্য ওয়াল ব্যুরো: যৌন কেলেঙ্কারির ভিডিও (sexually explicit video) ফাঁস হওয়া নিয়ে বুধবার গভীর রাতে অন্তর্বর্তীকালীন রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi HC)। যেখানে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হওয়া সেই ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। অভিযোগ, ওই ভিডিওতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে তাঁরই সহকারী এক মহিলার কর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা গতকাল রাতে এই নির্দেশ দিয়েছেন। এই রায় দেওয়ার পরেই বিচারপতি জানান, প্রতিটি ব্যক্তির নিজস্ব গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে। কিন্তু এই ভিডিও সেই অধিকার খর্ব করেছে। যা সরাসরি ভিডিওতে দেখতে পাওয়া দু'জনের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এই আপত্তিকর ভিডিওটি যাতে শীঘ্রই সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করা হয় এবং শেয়ার-ফরোয়ার্ড যাতে না করা যায়, তা নিশ্চিত করতে হবে।
জানা গেছে, সম্প্রতি দিল্লি হাইকোর্টে এক মহিলা এই ভিডিওটি নিয়ে মামলা দায়ের করে। অভিযোগ, তাঁকেই দেখা গিয়েছে ওই ভিডিওটিতে। তাঁর মামলার ভিত্তিতেই গতকাল এই রায় জানিয়েছে আদালত। এর পাশাপাশি ওই মহিলার দাবি, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। তাঁর সম্মানহানির জন্যই কেউ ইচ্ছাকৃতভাবে এডিট করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এরফলে সামাজিকভাবে তাঁকে যথেষ্ট হেনস্থার শিকার হতে হয়েছে।
অতিথিদের সামনে জাপটে ধরে চুমু বরের, থানায় গিয়ে বিয়ে ভাঙলেন নতুন বৌ