দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, আমরা ৫৫ টা আসনও পেয়ে যেতে পারি। বাস্তবে পেয়েছেন আটটি। দিল্লির বিধানসভা ভোটে শোচনীয় ফলাফলের পরে পদ ছাড়তে চাইলেন দিল্লির বিজেপি প্রধান মনোজ তেওয়ারি। দল তাঁকে অবশ্য পদত্যাগ করতে নিষেধ করেছে। কিন্তু একটি সূত্রে খবর, বিজেপির শীর্ষ নেতারা তাঁর ওপরে বিশেষ সন্তুষ্ট নন। আপাতত তাঁকে পদ ছাড়তে বারণ করা হয়েছে ঠিকই কিন্তু আর বেশিদিন তিনি দিল্লির বিজেপি প্রধানের পদে নেই।
২০১৬ সালে ভোজপুরী সিনেমার জনপ্রিয় গায়ক-নায়ক মনোজকে দিল্লি বিজেপির শীর্ষ পদটি দেওয়া হয়েছিল। আর দু'-একমাসের মধ্যে বিজেপি সাংগঠনিক নির্বাচন হবে। সম্ভবত তখনই তিনি ওই পদ থেকে সরে যাবেন।
আশা করা হয়েছিল, দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে এসে যাঁরা রাজধানীতে বসবাস করেন, তাঁদের ভোট মনোজ টানতে পারবেন। কারণ তিনি নিজেও পূর্বাঞ্চলের রাজ্য বিহারের মানুষ। কিন্তু মনোজ তা পারেননি। দিল্লি শহরে বুরারির মতো জায়গায় পূর্বাঞ্চল থেকে আসা অনেকে বসবাস করেন। সেখানে আপ প্রার্থী জিতেছেন ৮৮ হাজার ভোটের ব্যবধানে। সেজন্য শীর্ষ বিজেপি নেতারা মনোজের ওপরে অসন্তুষ্ট হয়েছেন। মঙ্গলবারই তিনি বিজেপির হারের দায় স্বীকার করেন।
ভোটের প্রচারে তিনি এমন কয়েকটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে হাসাহাসি করেছেন ভোটাররা। আপ মনোজের অভিনীত ভোজপুরী ছবিগুলির গান প্যারডি করে প্রচার চালিয়েছিল।
ভোজপুরী নায়ক ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন। ২০১৪ সালের লোকসভা ভোটে তিনি দিল্লি থেকে জয়লাভ করেন। তাঁকে দিল্লি বিজেপির শীর্ষস্থানে বসানোয় অসন্তুষ্ট হয়েছিলেন বিজয় গোয়েল এবং রমেশ বিধুরির মতো পুরানো নেতারা।