
শেষ আপডেট: 11 September 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর খবর কীভাবে সংগ্রহ করবেন? দেশকে রক্ষার হাল যাদের হাতে, তাঁদের সংবাদ কীভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেবে মিডিয়া? এমন অনেক সাংবাদিক আছেন যাঁরা যুদ্ধের সংবাদ কভার করেন। দেশের মানুষের কাছে পৌঁছে দেন যুদ্ধের নানান খবর। কিন্তু অন্যান্য সাংবাদিকতার তুলনায় যুদ্ধের সংবাদ সংগ্রহ করা অনেকটাই আলাদা! সাংবাদিকদের সেটাই হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিল (Defence Correspondents Workshop) ইস্টার্ন কমান্ডের (Eastern Command) হেড অফিস ফোর্ট উইলিয়াম এবং কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)।

দু'দশক পর এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ অর্থাৎ সোমবার থেকে তিনদিন ব্যাপী এই ডিফেন্স করেসপন্ডেন্ট ওয়ার্কশপ চলবে। সেনাবাহিনীর খবর সংগ্রহ করতে গিয়ে কী করা উচিত, কী করা উচিত নয়, সেটাই সাংবাদিকদের শেখানো হবে আগামী তিনদিন।

সোমবার ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্তর হাত ধরে এই ওয়ার্কশপ শুরু হল। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিকের উদ্যোগেই বহুদিন বাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে যাওয়া হবে ভারতীয় নৌবাহিনীর আইএনএস নেতাজি সুভাষে এবং বুধবার ভারতীয় বায়ুসেনা বেস পানাগড়ে যাবেন সাংবাদিকরা।

আরও পড়ুন: ছাত্র অপহরণের কিনারা করল পুলিশ, বোনকে উত্ত্যক্ত করায় তুলে নিয়ে যায় দাদা