
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
শেষ আপডেট: 11 September 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়ানোর অভিযোগের তদন্তে নেমে উত্তরবঙ্গের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ।
বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছে। অভিযুক্তের নাম সুজিত হালদার, কিষাণগঞ্জ থানার অন্তর্গত ফুলবাড়ির বাসিন্দা। এদিন এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে জানানো হয়েছে, দেশের প্রধান বিচারপতির মর্যাদা ও সুপ্রিম কোর্টের মানহানি করতেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হয়। এরপরই ফুলবাড়ির বাসিন্দা সুজিতের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করে কৃষ্ণনগর জেলা পুলিশ।
কী অভিযোগ সুজিতের বিরুদ্ধে?
জানা গেছে, আরজি কর কাণ্ডে তরুণী পড়ুয়া-চিকিৎসক খুনের ঘটনায় সামনে এসেছে দুর্নীতির পাহাড়। আর সেই দুর্নীতিতে বারবারই উঠে এসেছে 'উত্তরবঙ্গ লবি'-র কথা। চিকিৎসক মহলের একটা বড় অংশের তরফে দাবি করা হয়েছে, এই 'লবি'ই নাকি বাংলার স্বাস্থ্যক্ষেত্রের অনেক ক্ষতি করে ফেলেছে।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া পোস্টে একটি নতুন দাবি সামনে আসে যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে পারিবারিক যোগ রয়েছে উত্তরবঙ্গ লবির 'মাথা' হিসেবে চিহ্নিত এসপি দাসের! একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এ-ও দেখা গিয়েছে, জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে এসপি দাসের 'পারিবারিক যোগ' থাকার কারণেই, 'ষড়যন্ত্র' করে আরজি কর নিয়ে সুয়ো মোটো মামলা করেছে সুপ্রিম কোর্ট।
এমন অভিযোগকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। জানা গেছে, ওই পোস্টটি প্রথম ছড়াতে শুরু করেন এই সুজিতই।
প্রসঙ্গত, এই টুইট নিয়ে ইতিমধ্যেই দিল্লির সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে। বলা হয়েছে, 'এই টুইট উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। এটি বিচারব্যবস্থার অবমাননা করছে।'
এবার পুলিশের তরফেও সাফ জানানো হল, এরকম চূড়ান্ত ভুয়ো খবর ছড়ানোর বিষয়টি একেবারেই আইন-বিরুদ্ধ। যারা বিচারবিভাগকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।