দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মহামারী রুখতে এখন অন্যতম অস্ত্র সামাজিক দূরত্ব। সবাইকে সবার থেকে দূরে থাকতে হবে, সবাইকে সবার ঘরে বন্দি থাকতে হবে। তবেই তো হার মানবে এই মারণ ভাইরাস! এমন একটা বিষয় এখন সারা পৃথিবীকে নিয়্ন্ত্রণ করছে। এই দূরত্বের কারণে কত কত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মানুষ রোজ! কত জন আবার কত রকম ভাবে পথ খুঁজে বার করছে সমস্যা উত্তরণের!
তেমনই এক বড় সমস্যা হল স্কুল বন্ধ থাকা। সারা বিশ্বের অন্তত ৭০টি দেশে বেশ কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ বন্ধ স্কুল। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে অনেকেরই। বেশ কিছু জায়গায় অনলাইন ক্লাস ও পড়াশোনা চালু থাকলেও, বেশির ভাগ ক্ষেত্রেই তা সম্ভব নয়। কারণ বহু শিক্ষক এই পদ্ধতিতে অভ্যস্ত নন, বহু ছাত্রছাত্রী বুঝতে না পারলেও প্রশ্ন করার সুযোগ পায় না এই পদ্ধতিতে। আবার বহু জায়গায় ইন্টারনেটের এত সুবিধাও নেই।
এই জায়গা থেকেই অন্যরকম এক লড়াই শুরু করেছেন এক অঙ্ক শিক্ষক। ক্রিস ওয়াবা নামের এক শিক্ষক তাঁর ১২ বছরের ছাত্রের জন্য, নিজের বাড়ির বাইরে একটি হোয়াইটবোর্ড লাগিয়ে সহজ করে অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন তিনি। ১২ বছরের রিলি অ্যান্ডারসন থাকে শিক্ষকের বাড়ির উল্টোদিকেই। নিজের বাড়ির কাচের দরজার ভিতর থেকেই সে দিব্যি বুঝে নিচ্ছে অঙ্ক।
https://twitter.com/DakSt8Football/status/1243687140799766532
রিলির বাবা জোশ অ্যান্ডারসন বলেন, "অঙ্ক করতে করতে পারছিল না তাঁর মেয়ে। খুব কান্নাকাটি করছিল। বলছিল, টিচার থাকলেই তিনি সুন্দর করে বুঝিয়ে দিতেন অঙ্কটা। আমি তার পরেই ওর টিচারকে জানাই মেল করে। উনি অঙ্কগুলো জানতে চান, আমি তাও পাঠিয়ে দিই। তার পরেই সেই অঙ্কগুলো ভাল করে বুঝিয়ে নিজের বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বোর্ডটা রাখেন আমাদের দরজার সামনে। দরজার এপার থেকেই সমস্যাগুলো বুঝে নেয় আমার মেয়ে। উনি আমার প্রতিবেশী বলেই এটা সম্ভব হল, আমি খুব খুশি। আমার মেয়েরও মন ভাল হয়ে গেছে। ওঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।"