
শেষ আপডেট: 25 October 2023 19:27
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মাঝেই প্রাণহানির ঘটনা। বুধবার বিকেলে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় জখম আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিবিটি রোডের মহেশতলায়।
ঘটনার প্রতিবাদে রাস্তায় স্ল্যাব ফেলে পথ অবরোধ শুরু করেছেন বাসিন্দারা। রাস্তায় দেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার তীব্রতায় জখম যুবকের দুটি হাতই বাদ চলে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের রাস্তায় বাইকে করে যাচ্ছিল দুই যুবক। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্কার তাদের ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর জখম হয় অপর যুবক। তার দুটি হাতের ওপর দিয়ে চলে যায় ট্যাঙ্কারের চাকা। স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে ওই যুবকের। সূত্রের খবর, জখম যুবকের দুটি হাতই বাদ গিয়েছে।
পুজোর মরশুমে পথদুর্ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের চেষ্টা করলে বাধা দেন স্থানীয় মানুষ। এরপরই রাস্তায় স্ল্যাব ফেলে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ শুরু করেন স্থানীয়রা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে চলাচলের অযোগ্য রাস্তা অন্যদিকে পুলিশের নজরদারি না থাকার ফলেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই প্রতিবেদন লেখার সময় সন্ধে পৌনে ৬টা পর্যন্ত বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন পুলিশ কর্তারা।