
প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 October 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। বুধবার অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির কাছের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ওই মূক-বধির মহিলাকে।
নির্যাতিতার পরিবারের দাবি, মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন ওই মহিলা। একা একা ঘোরাঘুরি করতেন বাড়ির আশেপাশে। মঙ্গলবারও একা বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযোগ নিয়েই তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী এক যুবক, এমনই অভিযোগ।
অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে মহিলার পরিবার। তখনই ওই পরিত্যক্ত বাড়িতে তাঁর খোঁজ মেলে। তখন ঘটনাস্থলেই ছিলেন অভিযুক্ত যুবক। এরপর অন্য প্রতিবেশীদেরও ডেকে আনা হয়। বুধবার কুলতলি থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।
অভিযোগ পেয়ে বুধবারই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এদিকে নির্যাতিতা মহিলার পরিবারের আরও অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্কর। অভিযোগ, সেখানে পৌঁছে তিনি নির্যাতিতার পরিবারকে ২ লক্ষ টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেন। তাঁদের হুমকিও দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রহ্লাদ।