
শেষ আপডেট: 16 September 2023 02:52
দ্য ওয়াল ব্যুরো: ভুল 'দেহ' শনাক্ত করেছিল পরিবার। আর তাতেই আর একটু হলেই জীবিত অবস্থাতেই শেষকৃত্য করা হয়ে যাচ্ছিল তাঁর! তবে বরাতজোরে ইহলোকে থেকেও পরলোকে পাঠানোর আয়োজন থেকে রক্ষা পেলেন তিনি (dead man found alive)। যাঁকে মৃত ভেবে দাহকার্য সমাধা করতে যাচ্ছিল বাড়ির লোকজন, কার্যত দেখা গেল, এক মহিলার সঙ্গে ভিন রাজ্যের সংসার পেতে বহাল তবিয়তেই রয়েছেন তিনি!
ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরনগরের (Muzaffarnagar)। গত ৩১ অগস্ট ১৮ বছর বয়সি এক তরুণীর পরিবারের তরফে মন্টু নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি ছিল, ১৮ বছর বয়সি মন্টুই জোর করে তুলে নিয়ে গেছে তাঁদের মেয়েকে। সেই অভিযোগ পাওয়ার পরেই মন্টু এবং ওই তরুণীকে খুঁজে বের করার জন্য একটি দল গঠন করে পুলিশ।
এর সপ্তাহ দুয়েক পর গত ১৩ সেপ্টেম্বর মন্টুর পরিবারের লোকজনকে ফোন করে মিরাট (Meerut) পুলিশ। জানানো হয়, সেখানে নর্দমা থেকে মুণ্ডহীন একটি দেহ পাওয়া গেছে।তাঁরা অনুমান করছেন সেটি মন্টুর দেহ। 'বডি' শনাক্তকরণের জন্য পরিবারের লোককে মিরাটে যেতে বলা হয়।
স্বভাবতই মন্টুর বাড়ির লোক ভেঙে পড়েন। মর্গে গিয়ে দেখেন, মন্টুর হাতে যেমন ট্যাটু ছিল, মুণ্ডহীন সেই দেহের হাতেও ঠিক তেমনই একটি ট্যাটু রয়েছে। কাঁদতে কাঁদতে সেই দেহ তাঁদের বাড়ির ছেলের বলেই শনাক্ত করেন তাঁরা। পুলিশের তরফে যাবতীয় কাজকর্ম মিটিয়ে দেহ তুলে দেওয়া হয় মন্টুর পরিবারের লোকজনের হাতে।
বাড়িতে এসে তখন শেষকৃত্যের তোড়জোড় করছেন তাঁরা, সেই সময় আবার ফোন আসে থানা থেকে। জানানো হয়, ফের মন্টুর খোঁজ পেয়েছেন তাঁরা। তবে এবার 'জীবিত' অবস্থায়। জানানো হয়, 'অপহৃতা' তরুণীর সঙ্গে চণ্ডীগড়ে রীতিমতো সংসার পেতে বসেছে সে।
পুলিশ জানিয়েছে, হাতে একই রকম ট্যাটু থাকায় অন্য এক যুবকের দেহ ভুল করে মন্টুর বলে শনাক্ত করেছিল তাঁর পরিবার। তাতেই এই গোলমাল। তবে ওই মুণ্ডহীন দেহটি কার, সেটাই এখন নতুন মাথাব্যথা পুলিশের। এর উত্তর পাওয়ার জন্য আবার তদন্ত শুরু করেছেন তাঁরা।
ছদ্মবেশে বিডিও এসে ধরল চেপে জাল কারবারিদের, নদিয়ায় গ্রেফতার দুই