
শেষ আপডেট: 1 May 2022 14:30
দ্য ওয়াল ব্যুরো: শেষ রক্ষা হল না। অক্ষর প্যাটেলের লড়াইয়ের পরেও ম্যাচে (IPL 2022) জয় অধরাই থেকে গেল দিল্লির। ব্যর্থ হল পন্থ ও রভমন পাওয়েলের লড়াইও। ১৯৫ রান জবাবে নেমে জয়ের থেকে মাত্র ৭ রান আগেই থেমে গেল রাজধানী এক্সপ্রেস (DC vs LSG)।
টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। কে এল রাহুল ও দীপক হুড্ডার ব্যাটিংয়ের দাপটে রানের পাহাড় তৈরি হয় দিল্লির সামনে। এদিন লখনউ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে। লক্ষ্য একটাই বোর্ডে বড় স্কোর রাখা।
ওপেনিং জুটি হিসেবে ডি কক ও কে এল রাহুল শুরুটা ভাল করলেও ৪২ রানের মাথায় শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি কক (১৩ বলে ২৩)। তারপর থেকেই ম্যাচের হাল ধরেন কে এল রাহুল। দীপককে সঙ্গে নিয়ে ৯৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন রাহুল। দুই জনের নামের পাশেই অর্ধ শতরানের ইনিংস। ৫২ রান করে যখন হুড্ডা আউট হন তখন ১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর বোর্ডে ১৩৭ রান। আর রাহুল (৭৭) যখন আউট হন তখন ১৮ ওভার পরে ১৭৬।
বল হাতে এদিন শার্দুল ঠাকুর ছাড়া দিল্লির সব বোলারই ব্যর্থ। দিল্লির হয়ে তিনিই একমাত্র ৩ উইকেট নেন। ২০ ওভার শেষে লখনউ শেষ করে ১৯৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ দিল্লির ওপেনারদ্বয়। রান পাননি পৃথ্বী শ (৫) ও ডেভিড ওয়ার্নার (৩)। মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ম্যাচে রঙ বদলানোর চেষ্টা করেন অধিনায়ক ঋষভ পন্থ। তবে তাঁদের ৬০ রানের পার্টনাশিপ শেষ হয় মিচেল মার্শ (৩৭) আউট হওয়ার পর।
তবে রানের গতি বজায় রাখেন ঋষভ। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। ৪৪ রানে আউট হয়ে যান তিনিও। শেষ বেলায় জাদু দেখাতে শুরু করে পাওয়েল ও অক্ষর প্যাটেলের ব্যাট। শেষ পর্যন্ত দিল্লির জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিলেন অক্ষর। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র ৬ রানে হার হয় দিল্লির।
ফর্মের খরা কাটিয়ে কাউন্টিতে রানের বন্যা আইপিএলে 'অবিক্রিত' চেতেশ্বরের, গড়লেন রেকর্ডও