
শেষ আপডেট: 24 April 2023 18:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতাকে হারানোর পর থেকেই নতুন ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস (DC vs SRH)। সোমবার আবার তা প্রমাণ হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হায়দরাবাদকে হারাল দাদার দিল্লির। ৭ রানে ম্যাচ জিতল তারা। বলে-ব্যাটে ওয়াশিংটন সুন্দরের লড়াই কাজে এল না।
টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। কিন্তু এদিনের ম্যাচে ব্যর্থ হয় দিল্লির ওপেনিং জুটি। ভুবনেশ্বর কুমারের বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিলিপ সল্ট। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও খুব একটা ফলশ্রুত হয় না। ওয়ার্নার (২১) ও মার্শ (২৫) তাড়াতাড়ি আউট হয়ে যান।
এদিনের ম্যাচে রান পাননি সরফরাজ খান। তবে শেষে মনীশ পাণ্ডে ও অক্ষর প্যাটেলের পার্টনারশিপ দিল্লিকে কিছুটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দিল্লি তোলে ১৪৪ রান। হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন ওয়াশিংটন। ৪ ওভার হাত ঘুরিয়ে একাই নেন ৩ উইকেট। ভুবনেশ্বর নেন ২ উইকেট।
দিল্লির ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে ব্যর্থ হায়দরাবাদের মিডল অর্ডার। শেষের দিকে ওয়াশিংটন ও হেনরিচ ক্লাসেন মারমুখী হয়ে ওঠেন। তবে ম্যাচ জিতিয়ে আসতে পারেননি কেউই। দিল্লির হয়ে অক্ষর প্যাটেল, নর্টজে ২টি করে উইকেট নেন। এখন এটাই দেখার এই জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা দিল্লি।