
শেষ আপডেট: 21 July 2022 06:58
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) টাকার খেলা হয়েছে বলে গত পরশু ভোট গ্রহণের দিনই অভিযোগ তুলেছিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। আগামীকাল বৃহস্পতিবার ভোট গণনা। তার আগের দিন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং আরও কয়েকজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল কংগ্রেস (Congress)।
অবশ্য এই অভিযোগ একটি রাজ্যের ক্ষেত্রে করেছে তারা। কংগ্রেস কর্নাটকে বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, বিধায়কদের ভোট দিতে ঘুষ দেওয়া হয়েছিল।
আজ একটু আগে কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সিদ্ধারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের কাছে তাঁরা অভিযোগে করেছেন, বিজেপি ১৭ এবং ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারদের ঘুষ এবং অন্যান্য প্রলোভন দিয়ে তাদের পক্ষে ভোট পাওয়ার চেষ্টা করেছে। বিধায়কদের একটি পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, বিধানসভায় বিজেপির চিফ হুইপ সতীশ রেড্ডি এবং কয়েকডন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সনিয়া গান্ধীর দল।
অভিযোগপত্রে কংগ্রেস বলেছে, বিধায়কদের প্রশিক্ষণের নামে একটি পাঁচতারা হোটেলে নিয়ে তাঁদের নানাভাবে খাতিরযত্ন করা হয়। পানভোজনের সঙ্গে ছিল আনন্দ-ফূর্তির ব্যবস্থা। এটা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
কংগ্রেসের অভিযোগ নিয়ে বিজেপি এখনও মুখ খোলেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মুখ বাঁচাতেই কংগ্রেস ভোটের দু’দিনের মাথায় এমন গুরুতর অভিযোগ তুলল। মুর্মু প্রত্যাশার অনেক বেশি ভোটে জিততে পারেন, এমনটাই ধারণা বিভিন্ন মহলের। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি। কংগ্রেস তাদের ভোটার বিজেপি ভাঙিয়েছে বলে কোনও অভিযোগ তোলেনি। তাদের বক্তব্য, বিধায়ক ভোটারদের পাঁচতারা হোটেলে রাখাটা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। কারণ, রাষ্ট্রপতি ভোটে কোনও হুইপ দেওয়া হয় না। বিধায়কদের হোটেলে রেখে তাঁদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।