
শেষ আপডেট: 7 December 2023 14:58
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর মানেই উৎসবের মরশুম। জম্পেশ ঠান্ডা আর বর্ষশেষ, একটু ঘুরতে না গেলে চলে? তার উপর এবার বড়দিন পড়েছে সোমবার। ফলে শুক্রবার রাতে বেরিয়ে পড়তে পারলে তিনটে দিনের টানা ছুটি, অনন্ত শান্তির সুযোগ। এই সময়টা অনেকেই পাহাড়ে ঘুরতে যেতে ভালবাসেন। আর পাহাড় মানে বাঙালির অন্যতম পছন্দের ঠিকানা দার্জিলিং। ২৫ ডিসেম্বর এই শৈলশহরে কাটানোর মজাই আলাদা, সেটা যাঁরা গেছেন তাঁরা বিলক্ষণ জানেন। তবে এটাও ঠিক যে ইতিমধ্যেই বুকিং না করে থাকলে এখন নতুন করে কোনও হোটেলে জায়গা পাওয়া মুশকিল।
এক্ষেত্রে মুশকিল আসান হতে পারে হোমস্টে। অফবিট পাহাড়ি জায়গায় গেলে আজকাল অনেকেই হোমস্টেতে থাকতে পছন্দ করেন। তার অন্যতম কারণ হল, ঘরোয়া পরিবেশ। সঙ্গে পাওনা ঘরোয়া খাবার। এই হোমস্টেগুলি মূলত পরিচালনা করেন স্থানীয় লোকজনরাই। ফলে থাকা খাওযার খরচ হোটেলের তুলনায় অনেকটাই কম। দার্জিলিংয়ে এমনিতে থাকার জন্য হোটেলের অভাব না থাকলেও পর্যটকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে সেখানেও গজিয়ে উঠেছে একাধিক হোমস্টে।
এবারের ছুটিতে দার্জিলিং যদি হয় আপনার গন্তব্য, তাহলে থাকার জন্য বেছে নিতে পারেন এই হোমস্টেগুলি। মূল দার্জিলিংয়ে মল সংলগ্ন এলাকায় তো বটেই, সামান্য দূরে ঘুম কিংবা বাতাসিয়া লুপেও রয়েছে একাধিক হোমস্টে। বরং এই জায়গাগুলি থেকে অল্প সময়েই দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া যায়, আবার ভিড় থেকে দূরে নিরিবিলিতে প্রাকৃতিক পরিবেশে থাকাও যায়। আবার আর একটু দূরে থাকতে চাইলে সোনাদা, লেবং, সিঙ্গালিলা ফরেস্ট কিংবা তিস্তা ভ্যালি টি গার্ডেন এলাকাতেও একাধিক ভাল হোমস্টে অপশন রয়েছে। খরচও একেবারে সাধ্যের মধ্যেই।

দার্জিলিং শহরের কাছে হোমস্টে হলে থাকা এবং খাওয়া নিয়ে দিনপ্রতি মাথাপিছু খরচ পড়বে গড়ে ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। এর মধ্যেই ধরা রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের খরচ। তবে আরও বেশি দামি হোমস্টেও রয়েছে। বাজেট বেশি হলে চক বাজার, চৌরাস্তা, মল রোড সংলগ্ন এলাকায় দিনপ্রতি মাথাপিছু ৭০০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত ভাড়ার হোমস্টেও মিলবে। আবার সেটাই সোনাদা কিংবা লেপচাজগতে থাকতে চাইলে অনেকটাই সাশ্রয় হবে। সেখানে দিনপ্রতি খরচ শুরু ১৫০০ টাকা থেকে।

এবারের ছুটিটা বরং হোমস্টেতেই থাকুন। পাহাড়ের ধাপে এক টুকরো আশ্রয়, রং-বেরঙের ফুলে সাজানো বারান্দা, সকাল হলেই গরম চা, ঘরে তৈরি টাটকা গরম খাবার-এসব সুবিধা হোটেলে মিলবে না। তাছাড়া ভিড়ভাট্টা থেকে খানিক আলাদা হয়ে থাকার মজাটাই আলাদা। দার্জিলিংয়ে থাকা তো হবেই, তবে একেবারে অন্যরকমভাবে।