
শেষ আপডেট: 4 December 2022 03:42
দ্য ওয়াল ব্যুরো: হাথরস-কাণ্ডের ক্ষত এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। সেখানে দলিত কিশোরীকে (Dalit girl) ধর্ষণ করার অভিযোগ উঠেছিল উচ্চবর্ণের যুবকদের বিরুদ্ধে। এবার ফের উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গণধর্ষণের (gang rape) শিকার হল এক দলিত কিশোরী (১৪)। অভিযোগ, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে খুন (murder) করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে মথুরা (Mathura) জেলার মহাবন থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিল সেই দলিত কিশোরী। বাড়ির কাছে একটি জঙ্গলেই শৌচকর্ম করছিল ওই কিশোরী। অভিযোগ, তখনই তিন গ্রামবাসী তাকে ধরে গণধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে খুন করে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ওই নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় কিশোরীর সঙ্গে তার বোনও ছিল। দিদির বিপদ বুঝতে পেরে জস কোনও রকমে জঙ্গল থেকে পালিয়ে বাড়িতে আসে। সবাইকে গোটা ঘটনার কথা জানায়। তার কথা শুনে অভিযুক্তদের খোঁজে গ্রামবাসীদের জড়ো করে এলাকায় তল্লাশি শুরু হয়। এরপরই অন্ধকার জঙ্গলের ভিতর থেকে দুই অভিযুক্তকে ধরে ফেলেন সবাই।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে মহাবন থানার পুলিশ। এদিকে ততক্ষণে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে গ্রামে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সবাই। এমতাবস্থায় কোনওরকমে ওই অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ আধিকারিকেরা। বাকি আর একজনের খোঁজে এরপরই তল্লাশি শুরু করে পুলিশ।
এই ঘটনার বিষয়ে মথুরার পুলিশ সুপার (গ্রামীণ) ত্রিগুণ বিসেন জানান, কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগে দেশরাজ এবং যোগেন্দ্র নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শচীন নামের আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে ডেপুটি পুলিশ সুপার অলোক সিংহ বলেন, মনে করা হচ্ছে ওই কিশোরীকে প্ৰথমে গণধর্ষণ করে তিন ব্যক্তি, এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
মেয়েকে কোচিং থেকে আনতে যাচ্ছিলেন, রাজস্থানে গ্যাং ওয়ারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১ পথচারীর