
শেষ আপডেট: 1 May 2023 03:48
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে ১০ জওয়ানের মৃত্যুর চরম বদলা নিল মহারাষ্ট্রের গড়চিরোলির পুলিশের কমব্যাট ইউনিট সি৬০ কম্যান্ডো বাহিনী। রবিবার গড়চিরোলিতে অভিযান চালায় অ্য়ান্টি-নক্সাল বাহিনী। মাওবাদীদের (Naxals) একজন কম্যান্ডার সহ তিনজনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বলে খবর।
দিনকয়েক আগেই ছত্তীসড়ের মাওবাদী হামলায় প্রাণ গেছে সশস্ত্র ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১০ জওয়ানের। বিস্ফোরক দিয়ে সেনার গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। গাড়ির চালক এবং সওয়ারি ১০ জন ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস’ (ডিআরজি) বাহিনীর জওয়ানের প্রাণ কেড়ে নেওয়া ওই আইইডি (ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করতে অন্তত ৫০ কিলোগ্রাম শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছিল মাওবাদীর গেরিলা বাহিনী। সেই ঘটনার পরেই চরম প্রত্যাঘাত হানল মহারাষ্ট্রের গড়চিরোলি পুলিশের কমব্যাট ইউনিট অ্য়ান্টি-নক্সাল সি৬০ কম্যান্ডোরা।
সূত্রের খবর, রবিবার বিকেলে মহারাষ্ট্রের মানে রাজারাম ও পেরিমিলির মাঝে অবস্থিত কেদমালরা জঙ্গলে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে আগেই গোপনসূত্রে খবর এসেছিল যে জঙ্গলের ভিতরে ঘাঁটি গেড়ে বসে রয়েছে কয়েকজন মাওবাদী। গড়চিরোলি পুলিশের দুটি সি৬০ কম্যান্ডো বাহিনী জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে।
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হল মোবাইল! কর্নাটকের রোড শো-তে ফের নিরাপত্তা-বিপর্যয়
কম্যান্ডো দেখেই মাওবাদীরা তাদের লুকনো আস্তানা থেকে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় কম্যান্ডো বাহিনীও। দুই পক্ষের সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়। নিহত ওই তিন মাওবাদীর নাম বিটলু মাদবি, বাসু ও শ্রীকান্ত। এদের মধ্যে বিটলু মাও দলের কম্যান্ডার ছিল বলে জানা গেছে। গত ৯ মার্চ এক স্কুল পড়ুয়াকে হত্য়ার ঘটনাতেও প্রধান অভিযুক্ত ছিল বিটলু। নিহতদের কাছ থেকে প্রচুর অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।