দৈনিক আক্রান্ত নামল ১৩ হাজারে, সাত মাসে সংক্রমণের হার সবচেয়ে কম
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকেই টিকা সরবরাহ শুরু হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। তার মধ্যেই ভাল খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জুন মাসের পর থেকে করোনা সংক্রমণের হার রেকর্ড করল দেশে। দৈনিক আক্রান্ত নামল ১৩ হাজারে। গত বছর সেপ্টেম্বরেই দৈনিক সংক্
শেষ আপডেট: 12 January 2021 07:05
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকেই টিকা সরবরাহ শুরু হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। তার মধ্যেই ভাল খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জুন মাসের পর থেকে করোনা সংক্রমণের হার রেকর্ড করল দেশে। দৈনিক আক্রান্ত নামল ১৩ হাজারে। গত বছর সেপ্টেম্বরেই দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে একুশের জানুয়ারিতে গিয়ে দৈনিক সংক্রমণ এক লাফে ১৩ হাজারে নেমে গেছে। সংক্রমে বাড়বৃদ্ধি এরপরে একেবারেই কমে যাবে বলে আশায় বুক বেঁধেছেন স্বাস্থ্য আধিকারিকরা।
করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও অবিশ্বাস্যভাবে কমেছে। কিছুদিন আগেও ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা আড়াই লাখ ছিল। আজ ২ লাখে নেমেছে। অ্যাকটিভ কেসের হারও কম, ২.০৭%।

কোভিডে মৃতের সংখ্যাও কম। সংক্রমণে দৈনিক মৃত্যু দুশোর নীচে নেমেছে। কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে এখনও কোভিড কার্ভ উর্ধ্বগামী হলেও, বাকি রাজ্যগুলিতে সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা আর-নম্বর ০.৯০ পয়েন্টে থিতু হলেও, আরও কমবে বলেই আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, দেশে ১৮ কোটির বেশি কোভিড টেস্ট করা হয়েছে। সুস্থতার হারও বেড়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হচ্ছে দেশে। তার আগে আজ দেশের ১২টি শহরে কোভিশিল্ড টিকা পৌঁছে দিচ্ছে পুণের সেরাম ইনস্টিটিউট। মোট ৫৬ লাখ ৯০ হাজার টিকার ডোজ পৌঁছে যাবে বিভিন্ন শহরে। কলকাতাতে আজই ৬.৯ লাখ কোভিশিল্ড টিকার ডোজ চলে আসবে বিকেলের মধ্যেই।