
শেষ আপডেট: 17 January 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ব্যারাকপুর, পুরুলিয়া, রানাঘাট, মালদহ, সোনারপুরের পর এবার হাওড়া। ফের সোনার দোকানে দু:সাহসিক ডাকাতি। প্রকাশ্য দিবালোকে সোনার দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট করেন দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার শশাটিতে। বুধবার বেলা ১২টা নাগাদ একটি বাইকে চেপে দু'জন দুষ্কৃতী শশাটি বাজারে বাগনান-শ্যামপুর রাস্তার পাশে নিউ রায় জুয়েলার্সে নামে একটি সোনার দোকানে হানা দেয়। পুলিশ সূত্রের খবর, ক্রেতা সেজে দোকানে ঢুকেছিল দুষ্কৃতীরা। এরপর দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
দুষ্কৃতীরা চলে যাওয়ার পর দোকানের মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। কত টাকার সোনার গয়না লুট হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুই অভিযুক্ত ক্রেতা সেজে দোকানে ঢুকে রুপোর জিনিসপত্র দেখছিলেন। কিছু জিনিস পছন্দ করে কিনেও নেন। এরপর তাঁরা সোনায় গয়না দেখতে চাওয়ায় তাঁদের সামনে বিভিন্ন ধরনের গয়না সাজিয়ে দেন দোকানদার। সেই সময়েই আচমকা বন্দুক বার করেন তাঁরা। পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এরপর দোকানের সোনার গয়না লুট করে পালায় দুই দুষ্কৃতী।
প্রসঙ্গত, গত বছর ২৯ অগস্ট পুরুলিয়া শহর এবং নদিয়ার রানাঘাটে দু’টি জায়গায় একসঙ্গে সেনকো গোল্ডের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। দু’টি মামলাতেই বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর বিগত দিনে রাজ্যের একাধিক জায়গায় সোনার দোকানে ডাকাতির ঘটনা সামনে আসে। প্রকাশ্য দিবালোকে এমন দু:সাহসিক ঘটনায় রীতিমতো আতঙ্কিত সোনার দোকানের ব্যবসায়ীরা।