
শেষ আপডেট: 27 October 2023 16:05
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রেড রোডের কার্নিভাল ঘিরে মহানগরের রাস্তায় সাজো-সাজো রব। ৩৩ দিন পর আজ বাড়ি থেকে বেরিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেড রোডে যখন জোর কদমে চলছে কার্নিভাল, ঠিক তখন ঢিল ছোঁড়া দূরত্বে আয়োজন করা হয় বিষাদ সম্মিলনীর। এদিন এই কর্মসূচির ডাক দেয় আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ।
কলকাতায় পুজো কার্নিভালের আনন্দ অনুষ্ঠানের দিনই ১০০ মিটার দূরত্বে সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে যখন কার্নিভালে আনন্দে-উচ্ছ্বাসের সুর, তখনই শহিদ মিনার চত্বরে বিষাদের আবহ। বিষাদ সম্মিলনীর আয়োজন করেন ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শুধু তাঁরা নয়, সামিল হন আন্দোলনরত গ্রুপ-সি, গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরাও। শহিদ মিনার চত্বরে প্রতীকী শবদেহ নিয়ে তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলে। প্রতীকী শবদেহের সামনের প্ল্যাকার্ডে লেখা, ‘১২ বছরে শিক্ষিত বেকারের স্বপ্নের অপমৃত্যু।’
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত কার্নিভালের পাশেই অনুষ্ঠিত এদিন বিষাদ সম্মিলনীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও আসেন। এসেছিলেন সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত। কর্মসূচিতে সামিল হন রুদ্রনীল ঘোষও। ডিএ-র দাবিতে সরকারি কর্মী এবং সরকারি চাকরিপ্রার্থীদের একাধিক দাবি-দাওয়া নিয়ে এই বিষাদ সম্মিলনীর আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। দফায় দফায় চলেছে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।