
রেমালের তাণ্ডবে ট্রেন এবং ফেরি পরিষেবা বিপর্যস্ত
শেষ আপডেট: 27 May 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস পেয়েই ভারতীয় রেল এবং কলকাতা বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ করে রেখেছিল। সোমবার বেলা বাড়ার পর সেই পরিষেবা চালু হলেও আমজনতা কতটা লাভবান হবে তা বলা যাবে না। কারণ লাগাতার বৃষ্টি চলছে এবং ৬০-৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা এখনও আছে।
'রেমাল'-এর প্রভাবে সপ্তাহের প্রথম দিনই শহরের রাস্তায় বাস, অটো, ট্যাক্সির অমিল। অ্যাপ ক্যাব বুক করতে চাইলেও যা দাম দেখাচ্ছে তাতে 'বুক'-এ ক্লিক করা যাচ্ছে না। অন্যদিকে মেট্রো পরিষেবা আংশিক চালু হলেও তাতে বিশেষ লাভ হচ্ছে না। কারণ পার্ক স্ট্রিট, ধর্মতলা স্টেশন জলে ডুবে আছে। মেট্রোর ট্র্যাকেও জল জমার কারণে কিছু স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধই। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক ও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে।
শিয়ালদহের ট্রেন পরিষেবা বেলা ১১টার পর শুরু হলেও ট্রেনের সংখ্যা কম। আর যে'কটি ট্রেন চলছে তাতে মারাত্মক ভিড় হচ্ছে। কেউ যদি মনে করেন ফেরি সার্ভিস থেকে উপকার মিলতে পারে, তিনিও ভুল করছেন। কারণ হুগলি জেলার সমস্ত ফেরিঘাটগুলি বন্ধ। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিসও এখন বন্ধ রয়েছে। সোমবারের যা পরিস্থিতি তা আজ আর তা চালু হবে না বলেই ধারণা।
ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। কলকাতা বিমানবন্দর সেই পরিষেবা চালু করেছে ঠিকই তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিক উড়ান বাতিল করা হচ্ছে। এমনিতেই রবিবার থেকে কলকাতার প্রায় ৪০০ উড়ান বাতিল হয়েছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হবে। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় অতিভারী বৃষ্টি হবে।
সোমবার কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে। রেমালের জেরে হালকা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৪৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ঘন্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।