
ঘূর্ণিঝড় ফেঙ্গল।
শেষ আপডেট: 29 November 2024 09:04
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় ফেঙ্গল (Cyclone Fengal) ঘনিয়েছে বঙ্গোপসাগরে। আগামী কালই ল্যান্ডফল। অভিমুখ যদিও তামিলনাড়ুর দিকে, তাই সরাসরি ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। কিন্তু, কড়া শীত পড়ার মুখে কাঁটা হতে পারে এই ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এখন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে কলকাতায় তাপমাত্রা। এর তেমন একটা হেরফের হবে না আজকালে। তবে আপেক্ষিক আর্দ্রতা কমছে শীতের প্রভাবে। কিন্তু সত্যিকারের শীত এখনই আসছে না বাংলায়। উল্টে হতে পারে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলের দুই জেলায়। এর ফলে নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে।
২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায় এবং ৩০ নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর জেরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
শীত না পড়লেও, সকালের দিকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। হালকা বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকায়। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
সব মিলিয়ে নভেম্বরের শেষে মনোরম আবহাওয়াই উপভোগ করবে রাজ্যবাসী। তবে চিকিৎসকদের পরামর্শ, ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। দূষণ ও দক্ষিণী হাওয়ার কারণে জীবাণুকুল বেশ সক্রিয় হয়ে উঠেছে। ঠান্ডা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা।