
শেষ আপডেট: 11 June 2023 08:24
দ্য ওয়াল ব্যুরো: শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'বিপর্যয়'! মৌসম ভবন সূত্রে খবর, রবিবার ভোরে এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী হয়ে দ্রুত গতিতে স্থলভাগের দিকে ধেয়ে আসছে। সেইসঙ্গে ভারতের পশ্চিমের রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।
এদিন মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কবে এবং কোথাও 'বিপর্যয়'-এর ল্যান্ডফল হবে। সেইসঙ্গে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, আগামী ১৫ জুন ভূপৃষ্ঠে আছড়ে পড়বে 'বিপর্যয়'। গুজরাত ও পাকিস্তানের মধ্যবর্তী মান্ডবি এলাকায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। যার ফলে গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এখন কোথায় আছে এই ঘূর্ণিঝড়? মৌসম ভবন সূত্রে খবর, পূর্বাভাস অনুযায়ী গত ২৪ ঘণ্টার মধ্যেই আরও শক্তি অর্জন করেছে 'বিপর্যয়'। এখন সেটি গুজরাতের পোরবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আরব সাগরের ওপর অবস্থান করছে।
মৌসম ভবন আরও জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড অবস্থা হতে পারে করাচি। ইতিমধ্যেই পাকিস্তান সরকারের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে ওই প্রদেশে। তীব্র সাইক্লোন আকারে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে 'বিপর্যয়'।
শুধু করাচি নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাতের কাছে মান্ডবিতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গুজরাত, গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটকে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। ল্যান্ডফলের সময় এই ঝড়ের গতিবেগ ১৭০ কিলোমিটারও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন থেকেই আরব সাগর উত্তাল হয়ে উঠেছে। আগামী পাঁচদিন সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকী উপকূলবর্তী এলাকায় খালি করার কাজও শুরু হয়ে গেছে।
সকাল থেকে মেঘলা আকাশ, কলকাতায় কি বৃষ্টি হবে? জেলায় জেলায় বড় পূর্বাভাস