
রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 2 May 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাসের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ঠিক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক মহিলা।
রাজভবন কলকাতার হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে। জানা গিয়েছে, ওই মহিলা এদিন হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এদিন রাজ্যপালের (CV Ananda Bose) সঙ্গে তিনি দেখা করতে যান। তখনই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ব্যাপারে রাজভবন অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। রাজভবন বা রাজ্যপাল কোনও প্রতিক্রিয়া জানালে এই প্রতিবেদনে আপডেট করা হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতায় নামার কথা প্রধানমন্ত্রীর। রাজভবনে (CV Ananda Bose) পৌঁছনোর তথা রাত সওয়া ন’টা নাগাদ। শুক্রবার কৃষ্ণনগর, বোলপুর এবং পূর্ব বর্ধমানে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে আন্দোলিত হয়ে গেল রাজ্য রাজনীতি।
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ! এ কী ধরনের ঘটনা ঘটছে? ছিঃ, যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন,, অভিযোগের নিষ্পত্তি করবেন। তাহলে কী এই জন্যই উনি পিসরুম চালু করেছেন?"
সূত্রের খবর, ওই মহিলা রাজভবনের অস্থায়ী কর্মী। সঙ্গতকারণেই তাঁর পরিচয় গোপন রেখেছে পুলিশ। অনেকের মতে, বাংলায় সন্দেশখালির ঘটনা নিয়ে শাসক দলকে যখন চেপে ধরতে চাইছে বিজেপি, তখন রাজ্যপালের (CV Ananda Bose) বিরুদ্ধে এই অভিযোগ তাদের কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। কিন্তু জগদীপ ধনকড়ের সময় থেকেই রাজ্যপালদের যা আচরণ ও কাজের পদ্ধতি তা নিয়ে বারবার রাজনৈতিক মহল থেকে অভিযোগ উঠেছে। রাজভবনকে কার্যত বিজেপির কার্যালয়ে পরিঁণত করা বা কেন্দ্রের শাসক দলের অ্যাজেন্ডা নিয়ে কাজ করার অভিযোগ উঠেছে বড়লাটের বিরুদ্ধে। সিভি আনন্দ বোসও সেই সমালোচনার মুখে বারবার পড়েছেন। ফলে এখন রাজভবন থেকে বিজেপির দূরত্ব তৈরি করাও খুব সহজ হবে না বলে অনেকের মত।